করোনা ভাইরাস
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কমলগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে বন্ধ করা হয়েছে। কমিউনিটি সেন্টার সিলগালা করে সেন্টারের মালিকের নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সামাজিক, ত্রীড়া, সাংস্কৃতিক ও রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করার পরও ব্যাপক আয়োজনে বিয়ের অনুষ্ঠান আয়োজনের সংবাদ পাওয়ার পর তাদের জরিমানা করা হয়। শুক্রবার বেলা ১টায় রহিমপুর ইউনিয়নের জিসা কমিউনিটি সেন্টারে এ অভিযান চলে।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার পতনউষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের এক কনের বিয়ে ছিল পার্শ্ববর্তী মুন্সীবাজার ইউনিয়নের রুপশপুর গ্রামের এক বরের সঙ্গে। বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে স্থান নির্ধারণ করা হয় রহিমপুর ইউনিয়নের জিসা কমিউনিটি সেন্টারে। খবর পেয়ে শুক্রবার পুলিশি সহায়তায় জিসা কমিউনিটি সেন্টারে অভিযান পরিচালনা করেন। এ সময় বরপক্ষ কমিউনিটি সেন্টারে উপস্থিত না থাকলেও কনেপক্ষের অধিকাংশ আমন্ত্রিত ও স্বজনরা জুমার নামাজে ছিলেন। এ অবস্থায় বিয়ের আয়োজন বাতিল করে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে কমিউনিটি সেন্টারের মালিক শামছুননাহার চৌধুরীকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সঙ্গে সঙ্গে কমিউনিটি সেন্টারটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম আশেকুল হক বিয়ের অনুষ্ঠান বাতিল করে দিয়ে কমিউনিটি সেন্টারের ৫ হাজার টাকা জরিমানা ও সেন্টার সিলগালা করার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় এই জরিমানা করা হয়েছে।
