ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
করোনা ভাইরাস আতঙ্কে দিনাজপুরের ফুলবাড়ীতে মাস্ক কেনার ধুম পড়েছে। আর এ সুযোগে সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড ওয়াশ স্যানিটাইজারের কৃত্রিম সংকট সৃষ্টি করে শহরের বিভিন্ন ওষুধ ব্যবসায়ী বেশি দামে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।
কলেজ শিক্ষার্থী তুষার চন্দ্র ও সুরভী আক্তার বলেন, আগে ধুলাবালির হাত থেকে রক্ষার জন্য যে মাস্কগুলো ২০ টাকায় পাওয়া যেত সেগুলো এখন ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। দোকানদাররা দাম বাড়িয়ে বিক্রি করায় চাহিদা থাকার পরও অনেকেই মাস্ক ব্যবহারে আগ্রহী হচ্ছেন না।
শুক্রবার ফুলবাড়ী পৌর শহরের বাংলাদেশ মেডিক্যাল স্টোরের স্বত্বাধিকারী উত্তম দাস বলেন, করোনা ভাইরাস আতঙ্কের কারণে সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড ওয়াশ স্যানিটাইজারের চাহিদা আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়ায় চাহিদানুযায়ী কোম্পানিগুলো সরবরাহ করতে পারছে না। এ কারণে এগুলোর সংকট সৃষ্টি হয়েছে। তবে কয়েকটি স্যানিটাইজার থাকায় সেগুলো নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে। একই কথা জানায় নিমাই মেডিক্যাল স্টোরের স্বত্বাধিকারী নিমাই চন্দ্র মহন্ত ও কুইন কসমেটিক্সের স্বত্বাধিকারী আবুল কাশেম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে কাউকেই মুনাফা লুটতে দেওয়া হবে না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব বিষয়ে নজরদারি করা হচ্ছে। কোনো কিছুর মূল্য অতিরিক্ত নেওয়া হলে সেই ব্যবসাপ্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা প্রদান করা হবে।
