সংবাদ সংক্ষেপ

আপডেট : ২০ মার্চ ২০২০, ২১:১৫

ভূঞাপুরে নিষেধাজ্ঞা ভঙ্গ করে সাংস্কৃতিক অনুষ্ঠান

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা  করোনা আতঙ্কে প্রশাসন থেকে জনসমাগমে নিষেধাজ্ঞা থাকলেও সেটি না মেনে টাঙ্গাইলের ভূঞাপুরে অর্জুনা ইউনিয়নে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে স্থানীয় টাইগার ক্লাব। এতে প্রধান অতিথি ছিলেন অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা। এরই মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের এই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের গোবিন্দপুর বাজারে মুজিববর্ষ উপলক্ষ্যে এই সাংস্কৃতিক অনুষ্ঠান প্রশাসনের অনুমতি না নিয়েই আয়োজন করে গোবিন্দপুর টাইগার ক্লাব।  যদিও স্থানীয় প্রশাসন সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়টি অবগত নন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন। উপজেলার অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা জানান, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাতেই টেলিভিশনের খবর দেখে জানলাম কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না।

চাটখিলে জেএসডির কাউন্সিল অনুষ্ঠিত

চাটখিল ও সোনাইমুড়ী  (নোয়াখালী) সংবাদদাতা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির চাটখিল উপজেলা ও পৌরশাখার কাউন্সিল বৃহস্পতিবার বিকালে চাটখিল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা জেএসডি সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জেএসডির সভাপতি অ্যাডভোকেট কাউছার নিয়াজি। কাউন্সিলে মো. হাবীবুর রহমানকে উপজেলা সভাপতি, শহীদউল্যাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় এবং প্রফেসর দীন মোহাম্মদকে পৌরসভা শাখার সভাপতি ও মো. ফিরোজ আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

আশরাফ সিদ্দিকীর মৃত্যুতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শোক

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা বাংলাদেশের প্রথিতযশা লোকসাহিত্য বিশারদ, শিক্ষাবিদ, নজরুল গবেষক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম উদ্যোক্তা প্রতিষ্ঠাতা ড. আশরাফ সিদ্দিকীর মৃত্যুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর  ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার প্রফেসর মো. জালালউদ্দিন, ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, বিভাগীয় ও দপ্তর প্রধানরা গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নওগাঁর রাণীনগরে মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।  

করোনা প্রতিরোধে শরীয়তপুরে লিফলেট বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা, জারি গান ও লিফলেট বিতরণ করা হয়েছে।  এতে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এস এম আবদুল্লাহ আল মুরাদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, বিএমএর সভাপতি ডা. মুনিরুল ইসলাম প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেছে। শুক্রবার শহরের আধুনিক সুপার মার্কেট, টি এ রোড ও কাউতুলিসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে লিফলেট বিতরণ করার সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, পৌর মেয়র নায়ার কবীরসহ নেতৃবৃন্দ। সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনগণের মধ্যে লিফলেট বিতরণ ও প্রচারণা অব্যাহত থাকবে।

করোনা ভাইরাস প্রতিরোধে মাইকিং-লিফলেট-মাস্ক বিতরণ

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সোনাতলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর আলম মাইকিং ও লিফলেট বিতরণ করেছেন। এদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা টিজিএসএসের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গত বৃহস্পতিবার মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাস্ক বিতরণ উদ্বোধন করেন।

রাণীনগরে ব্যবসায়ীদের মধ্যে ঋণের চেক বিতরণ

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ক্ষুদ্র ব্যবসায়ীদের পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে নওগাঁর রাণীনগরে স্বল্প সুদে ঋণ বিতরণ করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অর্থায়নে পরিবারভিত্তিক কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার আটটি দলের মোট ৪০ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে এই ঋণের চেক তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়।

সিরাজগঞ্জে সচেতনতমূলক লিফলেট বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি শুক্রবার সকালে সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না তার নির্বাচনি এলাকা সিরাজগঞ্জ ও কামারখন্দ উপজেলায় নোভেল করোনা ভাইরাস প্রতিরোধ শীর্ষক লিফলেট বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, উপজেলা চেয়ারম্যান রিয়াজউদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা প্রমুখ।

ফুলবাড়ী উপজেলা পরিষদে হাত ধোয়ার ব্যবস্থা চালু

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা করোনা ভাইরাস থেকে কর্মকর্তা-কর্মচারীসহ আগত জনসাধারণকে সুরক্ষা রাখাসহ সচেতন করতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে । বৃহস্পতিবার উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে বেসিন বসিয়ে এ ব্যবস্থা করা হয়। সেখানে পানিসহ হ্যান্ডওয়াশ ও সাবান রাখা হয়েছে। সঙ্গেই রাখা হয়েছে একজন কর্মচারীকে। তিনি হাত না ধুয়ে প্রশাসনিক ভবনে আগত কাউকেই ঢুকতে দিচ্ছেন না।

সাংবাদিক আরিফুল নির্যাতনে দামুড়হুদায় প্রতিবাদ সভা

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতন ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল দেওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় দর্শনা প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের দামুড়হুদা প্রতিনিধি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে প্রেসক্লাব ভবনে এ প্রতিবাদ সভা হয়।

কবি সিকান্দার আবু জাফরের জন্মবার্ষিকী উদ্যাপনে সভা

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা কবি সিকান্দার আবু জাফরের ১০১তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে তালা উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, তালা থানার ওসি মেহেদী রাসেল ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি প্রমুখ।