স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের আতঙ্ককে সঙ্গী করেই জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলেছিল বাংলাদেশ। যার ফলে মাঠে দর্শক সমাগম কমিয়ে রাখার চেষ্টা চালিয়েছিল বিসিবি। কারণ ততক্ষণে বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী পাওয়া গিয়েছিল। গত কয়েকদিনে করোনার প্রভাব আরো বেড়েছে বাংলাদেশে। ইতিমধ্যে ক্রীড়াঙ্গনের সবধরনের খেলা স্থগিত করা হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় বিসিবি।
জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজ শেষ করেই বাংলাদেশ ছেড়েছেন জাতীয় দলের বিদেশি কোচরা। গত ১২ মার্চ দেশে ফিরে যান বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গোসহ কোচিং স্টাফের অন্য সদস্যরা। দক্ষিণ আফ্রিকায় বসে থাকলেও শিষ্যদের কথা ভুলে যাননি ডমিঙ্গো। স্বদেশে পরিবার সমেত নিরাপদেই আছেন এই প্রোটিয়া কোচ।
করোনার প্রাদুর্ভাবের এই কঠিন সময়ে ক্রিকেটারদের প্রতি ডমিঙ্গোর বার্তা খুব সহজ-সরল, ‘শুধু এটাই বলব, নিরাপদে থাকো।’ একান্ত আলাপে ক্রিকেটারদের উদ্দেশ্যেই এমনটাই বলেছেন টাইগারদের হেড কোচ।
এদিকে ঢাকা প্রিমিয়ার লিগ স্থগিত করে বিসিবি সঠিক সিদ্ধান্তই নিয়েছে বলে মনে করেন ডমিঙ্গো। ৪৫ বছর বয়সি এই কোচ বলেছেন, ‘আমি এটা বিশ্বাস করি, সময়টা খুব ভীতিকর। এখন বন্ধ রাখাই সঠিক সিদ্ধান্ত।’
করোনার কারণে সিরিজ শেষে দ্রুতই দেশে ফিরেছেন ডমিঙ্গো। পাকিস্তান সফরের আগে ঢাকায় ফেরার কথা ছিল তার। কিন্তু আগামী এপ্রিলে বাংলাদেশের তৃতীয় দফা পাকিস্তান সফর ইতিমধ্যে স্থগিত হয়ে গেছে করোনার প্রভাবে। তাই সহসা বাংলাদেশে ফেরা হচ্ছে না ডমিঙ্গোসহ অন্য বিদেশি কোচদের। মে মাসে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফরটাও অনিশ্চিত হয়ে পড়েছে।
বাংলাদেশের কোচ হিসেবে এবারই প্রথম স্বস্তির সিরিজ শেষ করেছেন ডমিঙ্গো। খর্ব শক্তির জিম্বাবুয়েকে তিন ফরম্যাটেই সিরিজ হারিয়েছে বাংলাদেশ। হারের বৃত্ত ভেঙে ফিরেছে জয়ের ছন্দে। ক্রিকেটাররাও ফর্মে ফিরেছেন। করোনার চিন্তায় হয়তো এমন জয়ের স্বাদটা উপভোগ করতে পারছেন না ডমিঙ্গোরা।
