করোনা ভাইরাসের প্রভাবে ক্রিকেটে থেমে যাওয়ায় আর্থিক যে ক্ষতির সম্ভাবনা রয়েছে ‘পরিস্থিতির কারণে তা মেনে নিয়ে’ অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন ‘এই মুহূর্তে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ইতিমধ্যে আইপিএলে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের ছাড়পত্র (এনওসি) প্রদানের বিষয়টি পর্যালোচনা করবে জানিয়েছে। ইতিমধ্যে অবশ্য পিছিয়ে গেছে আইপিএল শুরুর তারিখ। ২৯ মার্চ টুর্নামেন্টটি শুরুর কথা থাকলেও পিছিয়ে দিয়ে ১৫ এপ্রিল শুরুর তারিখ নির্ধারণ করেছে তারা। রেডিও এসইএনকে দেওয়া সাক্ষাত্কারে ফিঞ্চ বলেন, ‘আপনি অর্থ আয়ের জন্য যেতে চাইলে ঝুঁকিতে পড়তে পারেন। সংস্থা যখন কিছু একটা চায় তখন আমাদের তা মেনে নেয়া উচিত্। তবে এখন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি নিশ্চিত এক পর্যায়ে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তবে কখন হবে সেটি বলা কঠিন।’
