সমর্থকদের বার্তা দিলেন ফুটবল কোচ জেমি

আপডেট : ২০ মার্চ ২০২০, ২১:২০

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসের প্রকোপে ক্রীড়াবিশ্ব থমকে আছে। কিছুটা দেরিতে হলেও বাংলাদেশের সব ধরনের খেলা বন্ধ হয়েছে কিছু দিন আগে। দেশ জুড়ে এমন চাপা আতঙ্কের সময়ে বাংলাদেশের মানুষদের ব্যতিক্রমীভাবে ঐক্যবদ্ধ হবার পরামর্শ দিলেন জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে ও টেকনিক্যাল ডিরেক্টর স্টুয়ার্ট ওয়াটকিস।

দুজনে বর্তমানে ইংল্যান্ডে ছুটিতে থাকলেও করোনা আতঙ্কে তাদেরও নিজেদের গৃহেই সময়ই কাটাতে হচ্ছে। তার মধ্যেই হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় তারা লেখেন, ‘আসন্ন সময়টা বড়োসড়ো পরীক্ষার। একটা জাতি হিসেবে এ সময়ে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। দয়া করে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে সুস্থ থাকুন। এই ভাইরাসের বিস্তার ঠেকাতে বুঝেশুনে পদক্ষেপ নিন এবং যারা ভাইরাসে সংক্রমণের ঝুঁকি আছে তাদের বাঁচাতে সাহায্য করুন।’

জেমি ডে ও স্টুয়ার্ট ওয়াটকিস বাংলাদেশের ঐক্যবদ্ধ হবার ইতিহাসের তারিফ করেন। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে ব্যতিক্রমীভাবে ঐক্যবদ্ধ হবার পরামর্শ দেন দুই জনে। তাদের ভাষ্য, ‘বাংলাদেশের মানুষ প্রয়োজনের সময়ে একসঙ্গে প্রার্থনা করে এবং কাজ করে। এখন আমাদের একে অপরকে বাঁচাতে ভিন্নভাবে একত্র হতে হবে। এর মানে হলো—এই গুরুত্বপূর্ণ সময়ে দূরত্ব বজায় রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমাদের। সামাজিক দূরত্ব বজায় রাখাটাই বর্তমানে গুরুত্বপূর্ণ।’

তারা আরো যোগ করেন, ‘এই অসাধারণ জাতিটা ব্যক্তিগত নিয়মানুবর্তিতায় দারুণ দক্ষ এবং একে এবার ভিন্ন উপায়ে কাজে পরিণত করে দেখানোর সময় এসেছে। আমার দৃঢ় বিশ্বাস আপনারা সেটা করে দেখাতে পারবেন।’

এ মাসের শেষ দিকে বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তান ও কাতারের বিপক্ষে খেলার কথা বাংলাদেশের। কিন্তু করোনার থাবায় আটকে গেছে সেটাও। এ প্রসঙ্গে জেমি বলেন, ‘এখন আমাদের জাতীয় দলের ফুটবল স্থগিত হয়ে আছে কিন্তু যখন এটা ফিরতে প্রস্তুত হবে আমি গর্বভরা চিত্তেই দলটার নেতৃত্ব দেব।’

সকলের প্রতি শুভেচ্ছা, ভালোবাসা ও প্রার্থনা জানিয়ে বার্তাটি শেষ করেন জাতীয় ফুটবল দলের কোচ ও টেকনিক্যাল ডিরেক্টর।