স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ডে ক্রমবর্ধমান করোনা ভাইরাসের সংক্রমণের কথা মাথায় রেখে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ফুটবল কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
করোনা সংক্রমণ এড়াতে সব ধরনের ফুটবল কার্যক্রম বন্ধ করতে কিছুটা বেশিই সময় নিয়েছিল এফএ। এ কারণে সাবেক-বর্তমান ফুটবলারদের তোপের মুখেও পড়তে হয়েছিল সংস্থাটিকে। কিন্তু এবার আর কোনো প্রকারের ঝুঁকি নেয়নি তারা। একটু আগেভাগেই জানিয়ে দিয়েছে স্থগিতাদেশের সময়সীমা বৃদ্ধির খবরটা।
নতুন সিদ্ধান্ত অনুসারে আগামী ৩০ এপ্রিলের আগ পর্যন্ত ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, ইএফএল, উইমেন্স সুপার লিগ, চ্যামিপয়নশিপ লিগসহ স্কটল্যান্ড, ওয়েলস আর উত্তর আয়ারল্যান্ডে ফুটবলের সব ধরনের সূচি স্থগিত থাকবে। গত বৃহস্পতিবার এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় এফএ।
অবস্থা নিয়ন্ত্রণে আসা সাপেক্ষে বর্তমান মৌসুম ‘অনির্দিষ্টকালব্যাপী’ও চলতে পারে, সভাটিতে এ সিদ্ধান্তও গৃহীত হয়। বর্তমান নিয়মের অধীনে আগামী ১ জুন চলতি মৌসুম শেষ করার সূচি তৈরি করা হয়েছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে লিগ শেষ করার সময়সীমাও বাড়ার কথা আছে।
এফএ, প্রিমিয়ার লিগ ও ইএফএল একটি যৌথ বিবৃতিতে ‘২০১৯-২০২০ মৌসুম পুনরায় শুরু করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ’ হয়। সব ঘরোয়া ও ইউরোপীয় ম্যাচ যত শিগগিরই ও নিরাপদে সম্ভব মাঠে ফেরানোর জন্যও বদ্ধপরিকর তারা।
গেল সপ্তাহে ওয়েস্ট হ্যাম ভাইস চেয়ারম্যান ক্যারেন ব্র্যান্ডি চলতি মৌসুমটাকে পুরোপুরি বাতিলের পক্ষে মত দিয়েছিলেন। চলতি মৌসুমটা শেষ করা নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন এফএর চেয়ারম্যান গ্রেগ ক্লার্কও।
তবে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের প্রধান নির্বাহী পল বার্বার অবশ্য মত দিয়েছেন ওয়েস্ট হ্যাম ভাইস চেয়ারম্যানের বিপরীতেই। জানিয়েছিলেন, মৌসুম যদি অগত্যা শেষ না-ই করা যায় তবে লিভারপুলের শিরোপা না পাওয়াটা অন্যায় হবে। লিভারপুলকে লিগ দিয়ে পরবর্তী মৌসুমটা ২২ দল নিয়ে করারও পরামর্শ দিয়েছিলেন তিনি।
সময়মতো লিগ শেষ না হলে খেলোয়াড়দের চুক্তি নিয়েও ঝামেলায় পড়তে হবে দলগুলোকে। সাধারণত ক্লাবের সঙ্গে খেলোয়াড়দের চুক্তি শেষ হয়ে যায় ৩০ জুন। কিন্তু চলতি বছর করোনা সমস্যার কারণে লিগগুলো বাড়তি সময় নিলে নতুন সমস্যা সৃষ্টি হতে পারে।
করোনা ভাইরাসের ফলে ফুটবলে উদ্ভূত সমস্যা সমাধানে ফিফা এরই মধ্যেই একটি বিশেষ দল গঠন করেছে। আন্তর্জাতিক ক্রীড়াসূচি ও খেলোয়াড়দের চুক্তিবিষয়ক সমস্যাগুলোর দেখভাল করবে এ দলটি।
