হোম কোয়ারেন্টাইনে সিসিডিএম চেয়ারম্যান

আপডেট : ২০ মার্চ ২০২০, ২১:২২

স্পোর্টস রিপোর্টার

গত বৃহস্পতিবার সভা করে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিসিবি। সভাটির পর এই ঘোষণা দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কারণ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের অভিভাবক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ ছিলেন না এই গুরুত্বপূর্ণ সভাটিতে। দেশের বাইরে থেকে ফিরে ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকায় মূলত তিনি এই সভায় উপস্থিত হতে পারেননি।

সিসিডিএম সূত্রে জানা গেছে, ১৭ মার্চ থাইল্যান্ডের ব্যাংকক থেকে দেশে ফিরেছেন কাজী ইনাম। তারপর সরকারি নির্দেশনা মেনে ‘হোম কোয়ারেন্টাইনে’ অবস্থান করছেন বিসিবির এই      পরিচালক। আসেননি প্রিমিয়ার লিগের সভাতেও। নিয়ম অনুযায়ী ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকতে হয় ১৪ দিন।

সিসিডিএম চেয়ারম্যান না থাকলেও সদস্য সচিব আলী হোসেন, প্রিমিয়ার লিগের সমন্বয়ক আমিন খান উপস্থিত ছিলেন বৃহস্পতিবারের সভায়।

এদিকে করোনা ভাইরাস মোকাবিলায় খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা-কর্মচারী, গ্রাউন্ডসম্যানদের মাঝে সচেতনতা তৈরি করতে আজ এক সেমিনারের আয়োজন করেছে বিসিবি। দুপুর ১২ টায় শুরু হবে এই বিশেষ সেমিনার। সেখানে করোনা মোকাবিলায় করণীয় সম্পর্কে আলোচনা করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক চন্দন কুমার রায়।