স্যানিটাইজার বানাচ্ছেন ওয়ার্ন

আপডেট : ২০ মার্চ ২০২০, ২১:২২

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাস আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। তাতে থমকে গেছে স্বাভাবিক জীবন। তবে এই করোনা ভাইরাসের বিপক্ষে লড়াই করতে সর্বাত্মক চেষ্টা করছে পুরো বিশ্ব। ব্যক্তিগতভাবেও অনেকে এগিয়ে এসেছেন। এর মধ্যে আছেন কিংবদন্তি স্পিনার অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন।

করোনায় আক্রান্তদের সাহায্য করতে মেলবোর্নে নিজের বিলাসবহুল বাড়িটি বিক্রির ঘোষণা দিয়েছেন ওয়ার্ন। পাশাপাশি অ্যালকোহল প্রস্তুতকারী নিজ প্রতিষ্ঠান ‘সেভেনজিরোএইট জিন’-এ মদ তৈরি বন্ধ করে দিয়েছেন তিনি। সেখানে এখন হ্যান্ড স্যানিটাইজার বানাচ্ছেন ওয়ার্নের কর্মীরা। স্যানিটাইজার বানাতে উঠে-পড়ে লেগেছেন ঐ প্রতিষ্ঠানের কর্মীরা।

এ ব্যাপারে নিজস্ব অফিশিয়াল ইনস্টাগ্রাম পেইজে অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্ট ৭০৮ উইকেট শিকার করা ওয়ার্ন লেখেন, ‘অস্ট্রেলিয়ানদের জন্য এখন চ্যালেঞ্জিং সময়। এই রোগের বিপক্ষে লড়াই করতে ও জীবন বাঁচাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। যেভাবেই হোক, চিকিত্সাব্যবস্থাকে সাহায্য করতে হবে। সেভেনজিরোএইট এটা করতে পারায় আমি খুশি, অন্যদেরও একইভাবে এগিয়ে আসার অনুরোধ করছি।’

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দুটি হাসপাতালে লাভ ছাড়াই দেওয়া হবে ওয়ার্নারের প্রতিষ্ঠানে তৈরি হওয়া হ্যান্ড স্যানিটাইজারগুলো। স্বাস্থ্যবিধি মেনে বানানো হচ্ছে ৭০ শতাংশ অ্যালকোহলসমৃদ্ধ মেডিক্যাল গ্রেডের হ্যান্ড স্যানিটাইজার।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৮০০। মৃত্যু হয়েছে সাত জনের। —বাসস