করোনা শনাক্তের ল্যাব ও পরীক্ষা
কিটের অপ্রতুলতা
চট্টগ্রাম অফিস
বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে করোনা ভাইরাস শনাক্তকরণের কোনো ল্যাব না থাকায় এবং পরীক্ষা কিটের অপ্রতুলতায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে প্রেসক্লাবের নেতারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সিংহভাগ আমদানি-রপ্তানি বাণিজ্য চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক হওয়ায় এখানে প্রচুর দেশি-বিদেশি লোকের আগমন ঘটে। বিশেষজ্ঞদের মতে, চট্টগ্রাম দেশের অন্য অঞ্চল থেকে করোনা ভাইরাস ছড়ানোয় বেশি ঝুঁকিপূর্ণ এলাকা। কিন্তু সেই মোতাবেক নিরাপত্তামূলক দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। তাই যতো দ্রুত সম্ভব চট্টগ্রামে করোনা ভাইরাস শনাক্তের পর্যাপ্ত কিট ও ল্যাব স্থাপনে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে আলোচনার জন্য গতকাল এক জরুরি সভা করে চট্টগ্রাম প্রেসক্লাব। প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সহ-সভাপতি মনজুর কাদের মনজু, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যকরী সদস্য স ম ইব্রাহীম ও কাজী আবুল মনসুর বক্তব্য রাখেন।
