কক্সবাজার প্রতিনিধি
করোনা আতঙ্ক কক্সবাজার জেলা কারাগারেও ভর করেছে। ৫৩০ জন ধারণক্ষমতার কারাগারে অবস্থান করছে ৪ হাজার ৫০০ বন্দি। করোনার সম্ভাব্য সংক্রমণ রোধে সম্প্রতি আটক হয়ে কারাগারে আসা মিয়ানমারের ৪৭ নাগরিককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
কক্সবাজার জেলা কারাগারের ডিভিশন ওয়ার্ডকে কোয়ারেন্টাইন হিসেবে প্রস্তুত করে তাদেরকে সেখানে রাখা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. মোকাম্মেল হোসেন। তবে, গত ৩ দিনের নিবিড় পর্যবেক্ষণে তাদের শরীরে করোনার জীবাণু ধরা পড়েনি।
জেল সুপার বলেন, কাঠ বিক্রি করতে এসে বৈধ কাগজপত্র ছাড়া মিয়ানমারের এ ৪৭ নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে কারাগারে পাঠায়। মিয়ানমারের সঙ্গে চীনের দীর্ঘ সীমান্ত থাকায় মিয়ানমারের এ নাগরিকদের নিয়ে শঙ্কা থেকে যায়। তাই, গত ১৫ মার্চ থেকে তাদের আলাদা করে রাখা হয়েছে। জেল সুপার আরো বলেন, ১৯ মার্চ থেকে যেসব বন্দি কক্সবাজার কারাগারে এসেছে তাদের প্রত্যেককে ১৪ দিন কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রাখার পর মূল কারা ওয়ার্ডে নেওয়া হবে।
জেল সুপার মোকাম্মেল হোসেন জানান, কারাগারের ভেতরে প্রতিটি ওয়ার্ডে সাবান ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বন্দিদের পাশাপাশি এ নির্দেশনার আওতায় রয়েছেন কারারক্ষীরাও। তিনি বলেন, কারাবন্দিদের ঝুঁকিমুক্ত রাখতে স্বজনদের সঙ্গে সাক্ষাত্ সীমিত করা হয়েছে।
