স্টাফ রিপোর্টার, রংপুর
করোনা ভাইরাসে সংক্রমণ ঠেকাতে চিকিত্সকেরা বারবার হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন। হঠাত্ করে মানুষের হাত ধোয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় বেড়েছে ক্লিনিং সামগ্রীর দামও। চাহিদার কথা মাথায় রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সায়েন্স ক্লাব ও রসায়ন বিভাগের শিক্ষার্থীরা যৌথ উদ্যোগে উদ্ভাবন করেছে হ্যান্ড ওয়াস বা হ্যান্ড স্যানিটাইজার।
শিক্ষাথীরা জানান, এরই মধ্যে রসায়ন বিভাগের শিক্ষকদের ও সায়েন্স ক্লাবের সদস্যের মধ্যে বিতরণ করা হয়েছে এই হ্যান্ড স্যানিটাইজার। যদি কোনো স্পন্সর পাওয়া যায় বা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অনুদান পাওয়া যায় তাহলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যেও তা বিতরণ করা হবে। এছাড়া আশপাশের এলাকার মসজিদ, বাস স্টপেজ, জনগুরুত্বপূর্ণ স্থান এবং সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে সরবরাহ নিশ্চিত করা হবে।
