এই সময়ের ছড়া
সজল দাশ
আক্কাস আলীর শখ জেগেছে ঘুরবে শহর ঢাকা
ছোট্টবেলার থেকে আছে স্বপ্ন মনে আঁকা।
রাস্তা দিয়ে চলছে গাড়ি হরন দিয়ে জোরে
শব্দ কানে, আক্কাস আলীর মাথা ঝিমঝিম ঘোরে।
‘ভেঁপু বাজান’ লাল অক্ষরে লেখা গাড়ির পিছে
‘এক শত হাত’ দূরে থাকুন আরো লেখা নিচে।
সমগ্র বাংলাদেশ কেন পাঁচ টনেরই হবে?
ট্রাকে লেখা এই কথাটা মিল আছে বাস্তবে?
ঘুরতে গিয়ে আক্কাস আলীর প্রশ্ন মনে আরো
অসংগতির সমাধানে দায়িত্ব কি নেই কারো!
কোটি টাকার বাত্তিগুলো সারাটা দিন জ্বলে
তবুও গাড়ি ট্রাফিকেরই হাত ইশারায় চলে।
রাস্তা দিয়ে হয় পারাপার থাকতে ওভার পুল
দেখার কেউ নেই? করছে মানুষ সামান্য এই ভুল।
আক্কাস আলী অনেক ভাবে, পায় না সমাধান
চারিদিকে অনিয়মের গাচ্ছে সবাই গান।
হতাশ হয়ে আক্কাস আলী তাই ফিরে যায় বাড়ি
সদরঘাটে লঞ্চে উঠে ঢাকাকে দেয় আড়ি।
