এরশাদ দেশে ফিরলেন বললেন ‘ভালো আছি’

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২২:৩৮

সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিত্সা শেষে দেশে ফিরলেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। গতকাল বুধবার রাত নয়টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দর থেকে সরাসরি তিনি বারিধারায় ‘প্রেসিডেন্ট পার্ক’- এ নিজ বাসায় যান। বাসায় পৌঁছানোর পর টেলিফোনে এরশাদ ইত্তেফাককে বলেন, ‘আমি ভালো আছি, তোমরা আমার জন্য দোয়া করো।’ উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর চিকিত্সার জন্য সিঙ্গাপুর যান এরশাদ।

বিমানবন্দরে এরশাদকে স্বাগত জানান জাপার প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতি, শফিকুল ইসলাম সেন্টু, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, দলের ভাইস চেয়ারম্যান বাহাউদ্দিন আহমেদ বাবুল, সাবেক এমপি আবু তালহা প্রমুখ। পরে রেজাউল ইসলাম ভূঁইয়া ইত্তেফাককে বলেন, ‘স্যারের শরীর আগের চেয়ে কিছুটা ভালো দেখলাম, তবে তিনি এখনও দুর্বল।’ নির্বাচনী প্রচার চালাতে এরশাদ রংপুরে যাবেন কিনা, জানতে চাইলে রেজাউল বলেন, ‘মনে হয় না।’

একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর অসুস্থ হয়ে পড়েন জাপা চেয়ারম্যান। বিদেশ যাওয়ার আগ পর্যন্ত তিনি দলীয় নেতা-কর্মী ও গণমাধ্যমের কাছ থেকে নিজেকে প্রায় বিচ্ছিন্ন রাখেন। বেশিরভাগ সময়েই ভর্তি ছিলেন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। মাঝে-মধ্যে বারিধারার নিজ বাসায়, আবার কখনও গুলশানে অন্য একটি ফ্ল্যাটে অবস্থান করছিলেন। দলীয় মনোনয়ন ও মহাজোটের সঙ্গে আসন সমঝোতা নিয়ে নানা নাটকীয়তা ও গুঞ্জনের মধ্যে সিঙ্গাপুর যান তিনি।

এরশাদ এবারের নির্বাচনে রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রংপুর-৩ আসনে তিনি মহাজোটের একক প্রার্থী। তবে ঢাকা-১৭ আসনে তিনি মহাজোট প্রার্থী নন। এখানে ‘নৌকা’ প্রতীকে নির্বাচন করছেন আওয়ামী লীগ মনোনীত ও চিত্রনায়ক ফারুক। গুঞ্জন ছিল, দেশে ফিরে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিতে পারেন এরশাদ।