প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন

আপডেট : ২০ মার্চ ২০২০, ২১:৪০

ইত্তেফাক রিপোর্ট

বিনম্র শ্রদ্ধায় স্মরণ, মিলাদ ও দোয়া মাহফিলসহ যথাযোগ্য মর্যাদায় গতকাল শুক্রবার প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হলো। সকালে বনানী কবরস্থানে জিল্লুর রহমানের পরিবার, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে কবর জেয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়। বাদ আছর গুলশানস্থ আইভি টাওয়ারে পারিবারিক বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে জিল্লুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত মোনাজাতে অংশ নেন নেতারা। ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে জিল্লুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বনানীতে জিল্লুর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন প্রমুখ। এছাড়া আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতারা প্রয়াত রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানান।