স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের
বিরুদ্ধে মামলা, আটক ১৪
ইত্তেফাক রিপোর্ট
উত্তরার শিন শিন জাপান হাসপাতালে এলোপাতাড়ি হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বুত্তরা। হাসপাতালের ম্যানেজার জাহিদুল ইসলামকে হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি মারধর করে হাসপাতালের ড্রয়ার ভেঙে ১ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় গত বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সহসভাপতি মো. মঞ্জিলকে প্রধান আসামি করে ২০-২৫ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেছে হাসাপাতালের ম্যানেজার শরিফুল ইসলাম।
হাসাপাতালের ম্যানেজার শরিফুল ইসলাম জানান, গত বুধবার সন্ধ্যায় উত্তরা ছাত্রলীগের সভাপতিসহ নেতাকর্মীরা হাসপাতালে লাঠি সোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় রোগীর স্বজন ও সাধারণ রোগীর ওপরও হামলা চালায়। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা ইত্তেফাককে বলেন, এই ঘটনায় আমরা ইতিমধ্যে ১৪ জনকে আটক করেছি। বাকিদেরও আটকের চেষ্টা চলছে। যারাই এর সঙ্গে জড়িত রয়েছে আমরা সবাইকে আইনের আওতায় আনব। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি শাকিলুজ্জামান বিপুল বলেন, আমার বিরুদ্ধে হামলার অভিযোগ ভিত্তিহীন। এই ভাঙচুরের সঙ্গে যারা জড়িত তারা কেউ ছাত্রলীগের নয়।
