ইত্তেফাক রিপোর্ট
সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান এইচএম এরশাদের ৯০তম জন্মবার্ষিকী নানা আয়োজনে উদ্যাপন করেছেন দলটির নেতাকর্মীরা। রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এরশাদের প্রতিকৃতিতে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা গতকাল সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। যদিও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এরশাদের জন্মদিনে কেন্দ্রীয়ভাবে গৃহীত সব কর্মসূচি বৃহস্পতিবার রাতে স্থগিত ঘোষণা করা হয়েছিল।
সংসদের বিরোধীদলীয় নেতা ও জাপার চিফ প্যাট্রন রওশন এরশাদ স্বামীর জন্মদিনে গতকাল ময়মনসিংহে নিজ নির্বাচনী এলাকায় কোরআন থেকে তেলাওয়াত ও মিলাদ-মাহফিলের আয়োজন করেন। তবে রওশন গুলশানের বাসাতেই ছিলেন। আর এরশাদপুত্র ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য সাদ এরশাদ গতকাল রংপুরে এরশাদের কবর জিয়ারত করেন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এদিকে, এরশাদপুত্র এরিক ও তার মা বিদিশা ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট’-এর পক্ষ থেকে গতকাল বাদ জুমা বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করেন। রাজধানীর বিভিন্ন মাদ্রাসায় এতিমদের ও বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করেন বিদিশা। তবে করোনার কারণে আগামীকাল রবিবার রংপুরে এরশাদের কবর জিয়ারতের কর্মসূচি স্থগিত করেছেন বিদিশা।
