করোনা ভাইরাস
রয়টার্স
বিশ্ব মহামারি করোনা ভাইরাসের কারণে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর নেতাদের সঙ্গে বৈঠক বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। চলতি বছর জুনে যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে এ বৈঠক হওয়ার কথা ছিল। এখন বৈঠকের পরিবর্তে জি-৭ নেতাদের সঙ্গে ট্রাম্প ভিডিও কনফারেন্স করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিশ্বব্যাপী বিভিন্ন দেশ তাদের সীমান্ত বন্ধ করে দিচ্ছে। ভ্রমণ নিষিদ্ধ করছে। এ পরিস্থিতির প্রেক্ষাপটেই হোয়াইট হাউজ এমন সিদ্ধান্ত জানাল। এ সপ্তাহের শুরুতেই ট্রাম্প বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন। এবার এপ্রিল, মে ও জুন মাসেও তিনি আবার এই ভিডিও কনফারেন্স করারই পরিকল্পনা করলেন। যে সময়টিতে মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে জি-৭ নেতাদের সঙ্গে মুখোমুখি সাক্ষাতের কথা ছিল ট্রাম্পের। সেই জায়গায় এখন ভিডিও-টেলিকনফারেন্সের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের কথা এরই মধ্যে সব নেতাকে জানানো হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের অর্থনৈতিক উপদেষ্টা এবং ট্রাম্পে জি-৭ ‘শেরপা’ ল্যারি কুডলো।
জি-৭-এর সম্মেলনের মতো আয়োজনে সাধারণত অংশগ্রহণকারী দেশগুলোর নেতাদের সঙ্গে বড় প্রতিনিধি দল অংশ নেয়। এর সঙ্গে এ সম্মেলনের খবর পেতে বিশ্বের বহু দেশের সাংবাদিকও এতে উপস্থিত হন। সবমিলিয়ে বেশ বড়সড়ো লোকসমাগম ঘটে এ সম্মেলন ঘিরে। আর এ পরিস্থিতিতে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে তাই ভিডিও কনফারেন্সের দিকে ঝুঁকেছে যুক্তরাষ্ট্র। এদিকে করোনা ভাইরাসের কারণে মার্কিন অর্থনীতির ক্ষতি সামাল দেওয়ার সম্ভাব্য পদক্ষেপ নিয়ে গতকাল রিপাবলকিকান ও ডেমোক্র্যাট দলীয় প্রতিনিধিদের সঙ্গে ট্রাম্পের বৈঠকে বসার কথা।
