করোনার টিকার জন্য রাশিয়ায় প্রাণীর ওপর পরীক্ষা শুরু

আপডেট : ২০ মার্চ ২০২০, ২১:৪৬

রয়টার্স

রাশিয়ার বিজ্ঞানীরা সাইবেরিয়ার একটি পরীক্ষাগারে করোনা ভাইরাসের সম্ভাব্য টিকা আবিষ্কারে প্রাণীর ওপর গবেষণা শুরু করেছেন। দেশটির ভোক্তা স্বাস্থ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গতকাল এ খবর জানিয়েছে।

রাশিয়ায় এ পর্যন্ত ১৯৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সংখ্যা অনেক ইউরোপীয় দেশের তুলনায় অনেক কম হলেও তারা একে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। কেননা শুরুর পর থেকেই এই আক্রান্তের সংখ্যা সেখানে বেড়েই চলেছে। স্বাস্থ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রেসপোট্রেবনাদজর জানিয়েছে, নভোসিব্রিস্ক শহরের ভেক্টর স্টেট ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি সেন্টারের বিজ্ঞানীরা ছয়টি ভিন্ন প্রযুক্তির প্ল্যাটফরমের ওপর ভিত্তি করে প্রোটোটাইপ টিকার উন্নয়ন করেছেন। এগুলোর কার্যকারিতা পরীক্ষা এবং কীভাবে এর ব্যবস্থাপনা করা যাবে তার জন্য সোমবার থেকে কাজ শুরু করেছেন তারা। বিজ্ঞানীরা অবশ্য সতর্ক করে বলেছেন, টিকা বা ভ্যাকসিন আবিষ্কার একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। করোনা ভাইরাসের এই টিকা আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে পাওয়া যেতে পারে।