ভাইরাস নির্মূলে সক্রিয় রোবট

আপডেট : ২০ মার্চ ২০২০, ২১:৫৪

আধুনিক বিজ্ঞানের অন্যতম বিস্ময়কর আবিষ্কার রোবট। মানুষের অনেক কাজই করে দিচ্ছে রোবট। তবে এবার রোবটকে কাজে লাগানো হচ্ছে ভাইরাস দমনে। রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউভিডি রোবটস কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা ভাইরাস দমনেও কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম তাদের তৈরি রোবট। ইতিমধ্যে করোনা ভাইরাসে মহামারি আকার ধারণ করা দেশ চীন ও ইতালিতে রোবটের ব্যবহার করা হয়েছে।

এই রোবট স্বয়ংক্রিয়ভাবে জীবাণু ধ্বংস করতে পারে। রোবট তার কাজ শুরুর আগে লোকজনকে সে বিষয়ে অবহিতও করতে পারে। চীনের হাসপাতালে কর্মরত রোবটদের দেখা গেছে—এরা সাধারণ মানুষকে বলতে পারে, ‘আপনি ঘর থেকে বেরিয়ে যান, দরোজা বন্ধ রাখুন এবং কিছুক্ষণের মধ্যে জীবাণুনাশকের কাজ শুরু হবে।’ এটা চীনা ভাষাতেও কথা বলতে পারে। রোবটের শরীরে থাকা ক্যামেরার ফ্ল্যাশ বাতির মতো অত্মিবেগুনি রশ্মি জ্বেলে ঘরের সব ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে।

ইউভিডি রোবটস কোম্পানির প্রধান নির্বাহী পের ইউল নিয়েলসন বলেন, আমাদের ব্যবসা এমনিতেই বেশ ভালো ছিল। কিন্তু করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় রোবটের চাহিদা এখন আকাশচুম্বী। তিনি জানান, এরই মধ্যে তারা চীনে, বিশেষভাবে উহানে, প্রচুরসংখ্যক রোবট পাঠিয়েছেন। এশিয়া ও ইউরোপেও তাদের বিক্রি বহুগুণ বেড়ে গেছে। সবচেয়ে বেশি অর্ডার এসেছে ইতালি থেকে। তিনি বলেন, ইতালির অবস্থা সত্যি শোচনীয়। আমরাও চেষ্টা করছি তাদের যথাসম্ভব সাহায্য করতে। ডেনমার্কের ওডেনসে শহরে এই কোম্পানির কারখানায় প্রতিদিন একটা করে এধরনের জীবাণুনাশক রোবট নির্মাণ করা হচ্ছে।

যেভাবে কাজ করে এই রোবট

এই জীবাণুনাশক রোবটের রয়েছে আটটা বাল্ব, যেগুলো থেকে তীব্র অতিবেগুনি অর্থাত্ আলট্রা-ভায়োলেট বা ইউভি-সি আলোকরশ্মি বের হয়। এই আলোকরশ্মি ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য ক্ষতিকারক জীবাণুর ডিএনএ এবং আরএনএ ধ্বংস করে যাতে এগুলো সংখ্যায় আর বাড়তে না পারে। যদিও এই অতিবেগুনি রশ্মি মানবদেহের জন্যও খুবই ক্ষতিকারক। তাই এই রোবট কাজ করার সময় ঘরে কোনো মানুষের উপস্থিত থাকার নিয়ম নেই। পুরো ঘরের জীবাণু ধ্বংস করতে রোবটটির ১০ থেকে ২০ মিনিট সময় লাগে।

রোবট তৈরিতে সাহায্যকারী প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব সাদার্ন ডেনমার্কের ক্লিনিকাল মাইক্রোবায়োলজির অধ্যাপক হান্স ইয়র্ন কলমোস বলেন, এমন অনেক খারাপ জীবাণু আছে, যেগুলো আপনার দেহে সংক্রমিত হতে পারে। কিন্তু আমাদের দেহে যদি একটি নির্দিষ্ট পরিমাণ অতিবেগুনি রশ্মির ডোজ দেওয়া যায়, তাহলে এধরনের ক্ষতিকারক জীবাণুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

যদিও এই রোবট সুনির্দিষ্টভাবে করোনা ভাইরাস নির্মূল করতে পারে কি না, তার জন্য আলাদা করে কোনো পরীক্ষা চালানো হয়নি। কিন্তু মি. নিয়েলসেন মনে করেন, এই রোবট যেহেতু সব ধনের ভাইরাস ধ্বংস করতে সক্ষম, তাই এর পক্ষে করোনা ভাইরাসকেও ধ্বংস করা সক্ষম। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সহযোগী অধ্যাপক ড. লেনা সিরিচও মনে করেন, করোনা ভাইরাস মোকাবিলায় ইউভি রোবট হতে পারে একটি মোক্ষম অস্ত্র। —বিবিসি