সাত জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১

আপডেট : ২০ মার্চ ২০২০, ২১:৫৫

দেশের সাত জেলায় পৃথক সাতটি সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে। তবে নিহতদের চার জনই মোটরসাইকেল চালক। বেপরোয়া গতির কারণে এসব দুর্ঘটনা ঘটেছে বলে ক্ষতিগ্রস্তদের স্বজনদের অভিযোগ। বিভিন্ন এলাকা থেকে ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

খুলনায় ডাম্প ট্রাকের ধাক্কায় অনুপম মণ্ডল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া-শরাফপুর সড়কের মইখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অনুপম ভাণ্ডারপাড়া ইউনিয়নের রাজনগর গ্রামের সাধু মণ্ডলের ছেলে। তিনি ডুমুরিয়া উপজেলা সদরের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। ডুমুরিয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, বেলা সাড়ে ১২টার দিকে দুর্ঘটনা ঘটে। অভিযুক্ত ট্রাকের চালক পলাতক।

অপরদিকে, জয়পুরহাটের পাঁচবিবিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল  ইটের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে রেজুয়ান হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুর  সোয়া ২টায়  পাঁচবিবি-ঘোড়াঘাট সড়কের উপজেলা মত্স্য খামার ব্যবস্থাকের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজুয়ান হোসেন উপজেলার গনেশপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তিনি জুমার নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে পাঁচবিবি বাজারের দিকে যাচ্ছিলেন।

পৃথক ঘটনায় টাঙ্গাইলের ঘাটাইলে কয়াদি বাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে শাহীন মিয়া (১৩) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার দুপুরে জোড়দীঘি ফুলমালির চালা এলাকায় এ ঘটনা ঘটে।

অপরদিকে, ময়মনসিংহের ভালুকায় শুক্রবার ভোর রাতে ঢাকা-ময়মনসিংহ ফোরলেন সড়কের ভাণ্ডাব ওয়াটার হাউজের সামনে জামালপুর থেকে ছেড়ে আসা মালভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বালিবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকচালক জামালপুর সদর উপজেলার জামাল উদ্দিন (৪০) ও একই এলাকার হেলপার শাকিল আহমেদ (২৫) ঘটনাস্থলেই মারা যান। এছাড়া সকাল ৯টার সময় উপজেলার উথুরা ইউনিয়নের কৈয়াদী গ্রামের সৌদি প্রবাসী রুস্তম আলীর ছেলে স্কুলছাত্র শাহিন (১৪) মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে কৈয়াদী বাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আকাশমণি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই সে মারা যায়।

নরসিংদীতে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয় জন। গতকাল শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদীর ভগীরথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নরসিংদী সদর উপজেলার কান্দাইল গ্রামের মৃত হাতেম আলী প্রধানের ছেলে আব্দুল বারেক (৫৬) এবং অজ্ঞাত (৩০)।  আহত-নিহত সবাই দেশের বৃহত্তর পাইকারি কাপড়ের বাজার শেখেরচরের খুচরা কাপড় ব্যবসায়ী ছিলেন।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশাাতে থাকা দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে এক জন নারী ও এক জন শিশু। তাত্ক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা-কামালখালী সড়কের মাগুরা সদর উপজেলার লক্ষ্মীকান্দর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তু (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। তিনি মাগুরা সরকারি কলেজের ছাত্র এবং সদর উপজেলার বেলনগর গ্রামের মিজানুর রহমানের ছেলে। সন্ধ্যা ৭টার দিকে তিনি মোটরসাইকেলে করে মাগুরা শহরে আসার পথে মাগুরা-কামালখালী সড়কের মাগুরা সদর উপজেলার লক্ষ্মীকান্দর নামক স্থানে একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন এবং মাগুরা ২৫০ শয্যা হাসাপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

পৃথক ঘটনায় হোমনায় নসিমন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ আট জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে হোমনা বাসস্ট্যান্ড-ভংগারচর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে গুরুতর আহত দুই জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের হোমনা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।