আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ড. কামাল হোসেনের শ্বশুর বাড়ি পাকিস্তান। তিনি পাকিস্তানি ভাষায় কথা বলেন। সাংবাদিকদের খামোশ বলেন, পুলিশকে জানোয়ার বলেন, উচ্চ আদালতের এটর্নি জেনারেলকে বাস্টার্ড বলে গালি দেন। তিনি যাবজ্জীবন দণ্ডিত সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানের কথায় উঠ-বস করেন এবং তারেক রহমানের একজন কর্মী হিসেবে কাজ করেন। তার মুখের বিষ ফরমালিনের চেয়েও ভয়ঙ্কর। সিইসির পদত্যাগ দাবি নয়, ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে এখন ড. কামালের-ই পদত্যাগ করা উচিত।
গতকাল বুধবার কুমিল্লার চৌদ্দগ্রামের মিঞা বাজার লতিফুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেলপথ মন্ত্রী মুজিবুল হকের এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। জনসভায় প্রধান বক্তা ছিলেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।
ওবায়দুল কাদের আরও বলেন, গণতন্ত্র ছাড়া দেশের সমৃদ্ধি হয় না। আমরা কোনো দিন ষড়যন্ত্র করে, বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় আসিনি। যতবারই এসেছি জনগণের ভোটে এসেছি। আপনারা নির্বাচনে আসেননি সেটা কি জনগণের অপরাধ? সেটা কি আমাদের অপরাধ? নির্বাচনে না এসে বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদ তৈরি করেছেন, তাতে কি গণতন্ত্র থেমে থেকেছে।
তিনি বলেন, তফসিল ঘোষণার পর বিএনপি-জামায়াতের হামলায় আমরা ৫ জন নেতাকর্মীকে হারিয়েছি। তারা নির্বাচনকে বানচাল করতে নাশকতার পরিকল্পনা করছে, এজন্য সকলকে সতর্ক থাকতে হবে।
রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, আর বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশে পেট্রোল বোমা, সন্ত্রাস, নাশকতা আর দুর্নীতি লুটপাট বাড়ে। এবারের নির্বাচনে দেশের জনগণ বিএনপি-জামায়াতকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। তিনি আরও বলেন, দেশের সর্বত্র এখন নৌকার জোয়ার, নৌকায় ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছে।
