করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে ইউরোপের দেশ ইতালি। বৃহস্পতি থেকে শুক্রবার ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৬২৭ জনের মৃত্যু ঘটেছে। সব মিলিয়ে ইউরোপের এই দেশটিতে মৃতের সংখ্যা ৪ হাজার ৩২ জনে দাঁড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯৮৬ জন। অথচ করোনার সূত্রপাত হয়েছে যে চীনে, সেখানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ হাজার ২৪৮ জনের।
করোনা ভাইরাসে ইতালির পর ২৪ ঘন্টার ব্যবধানে বেশি মৃত্যু ঘটেছে স্পেনে। সেখানে মারা গেছে ২১২ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৩৫ জন। আর একই সময়ে ইরানে মারা গেছে ১৪৯ জন এবং নতুন করে আক্রান্ত ১ হাজার ২৩৭। এই দেশটিতে এ পর্যন্ত মোট মারা গেছে ১ হাজার ৪৩৩ জন।
করোনার বিস্তার ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশে ‘লকডাউন’, কারফিউ জারি, ফ্লাইট বাতিলসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। মক্কা-মদিনায় মসজিদ চত্বরে নামাজ স্থগিত করা হয়েছে। শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচন স্থগিত ও কারফিউ জারি করা হয়েছে। কারফিউ জারি করেছে আর্জেন্টিনাও। আর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ৪ কোটি মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে। খবর বিবিসি, সিএনএন ও আলজাজিরার।
বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা গতকাল ১১ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৬ হাজার ২০৮ জন।
চীনের হুবেই প্রদেশে এই করোনা ভাইরাস বা কোভিড-১৯-এর সংক্রমণ প্রথম ধরা পড়ে। প্রায় তিন মাসের ব্যবধানে চীন এই ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে আনতে আনেকটাই সক্ষম হয়েছে। গতকাল দেশটিতে নতুন করে স্থানীয় কেউ আক্রান্ত হননি। তবে সম্প্র্রতি বিদেশ থেকে ফিরেছেন এমন ৩৪ জন আক্রান্ত হয়েছেন। চীনের সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ২৪৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৯৬৭ জন।
চীনের পর ইতালিতে ভয়াবহ রূপ নিতে শুরু করে করোনা। ১২ মার্চ থেকে ইতালি লকডাউন করা হয়। কিন্তু ব্যাপকমাত্রায় মানুষ আক্রান্ত হওয়ায় তাদের মাধ্যমে নতুন সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়ছে। কিছু গবেষণা বলছে, ইতালিতে আক্রান্তদের বেশির ভাগ বয়স্ক। অন্যান্য দেশের ভিন্ন জনসংখ্যাতত্ত্ব এই মৃতের সংখ্যা কম করতে সাহায্য করবে। ইতালির উত্তরাঞ্চলে রোগীর সংখ্যা বাড়তে থাকায় আইসিইউ সেবার জন্য সেখান থেকে অন্যান্য এলাকায় রোগীদের পাঠানো হচ্ছে।
ইতালির পর স্পেনেও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। দেশটি বর্তমানে লকডাউন অবস্থায় রয়েছে। ফ্রান্সে গত মঙ্গলবার থেকে লকডাউন চলছে। যারা বাইরে বের হচ্ছে, তাদের বের হওয়ার কারণ লেখা কাগজপত্র দেখাতে হচ্ছে। না হলে তাদের জরিমানা করা হচ্ছে। দেশটির একজন মন্ত্রী জানিয়েছেন, পূর্বে ১৫ দিনের কথা বলা হলেও লকডাউন বাড়তে পারে। জার্মানি স্কুল এবং অনেক ব্যবসা, জনসমাগমস্থল বন্ধ করেছে। বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে প্রায় ৩ হাজার ৪৭৪ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৮ হাজার।
যুক্তরাজ্যও এখনো কোনো কঠিন ব্যবস্থা নেয়নি, তবে ঘোষণা দিয়েছে স্কুল বন্ধ করা হবে। লন্ডনে গণপরিবহন কমিয়ে দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্রিটিশ সরকার ৬৫ হাজার সাবেক ডাক্তার ও নার্সকে কাজে যোগ দিতে বলেছে। এছাড়া মেডিক্যালের শেষ বর্ষের শিক্ষার্থীদেরও নিয়োজিত করা হবে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ইউরোপে করোনা পরিস্থিতি মোকাবিলায় ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক ৭৫০ বিলিয়ন পাউন্ডের একটি জরুরি প্যাকেজ ঘোষণা করেছে।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে যুক্তরাষ্ট্রেও। মার্চের শুরুতে যুক্তরাষ্ট্রে ১০০ জনেরও কম মানুষ আক্রান্ত থাকলেও এখন তা ১৪ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২০০-এর বেশি মানুষের। পরিস্থিতি মোকাবিলায় ক্যালিফোর্নিয়ার ৪ কোটি মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানকার গভর্নর সতর্ক করে বলেছেন, রাজ্যের ২ কোটি ৫৬ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। পরিস্থিতি মোকাবিলায় বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সকল দূতাবাস ও কনস্যুলেটে ভিসা-সেবা স্থগিত করা হয়েছে। কানাডায় এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।
ইরানে করোনা ভাইরাসে প্রতি ১০ মিনিটে এক জন মারা যাচ্ছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুরের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ইরানে প্রতি ঘণ্টায় ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। আর প্রতি ১০ মিনিটে মারা যাচ্ছেন এক জন। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দক্ষিণ এশিয়ার দ্বীপদেশ শ্রীলঙ্কায় কারফিউ জারি করা হয়েছে। একই সঙ্গে আগামী মাসে নির্ধারিত পার্লামেন্ট নির্বাচনও স্থগিত করে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। খবরে বলা হয়েছে, তিন দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়ে ৬৫ জন হওয়ার পর শুক্রবার দেশটির প্রেসিডেন্টের দপ্তর কারফিউয়ের ঘোষণা দিয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত পুরো দেশে এই কারফিউ বলবত্ থাকবে। জর্দানেও কারফিউ জারি করা হয়েছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
কাবা ও মসজিদে নববির
চত্বরে নামাজ বন্ধ
মুসলমানদের সবচেয়ে পবিত্র দুটি স্থান, মক্কা ও মদিনায় অবস্থিত দুই মসজিদের বাইরের চত্বরে নামাজ আদায় স্থগিত করেছে সৌদি আরব সরকার। সৌদি গেজেট পত্রিকা এবং বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাবা ও মসজিদে নববির বাইরের চত্বরে নামাজ বন্ধের এই সিদ্ধান্ত শুক্রবার থেকেই কার্যকর হয়েছে। এ সিদ্ধান্তের মাধ্যমে মক্কা ও মদিনার এই দুই মসজিদে নামাজ আদায়ের বিষয়টিকে কিছুটা সীমিত করা হলো। পাশাপাশি জুমার নামাজও স্থগিত করা হয়েছে। সৌদিতে এখন পর্যন্ত ২৭৪ জন আক্রান্ত হয়েছেন।
করোনা ভাইরাস মোকাবিলায় নেদারল্যান্ডস সরকারের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া দেশটির স্বাস্থ্যমন্ত্রী ব্রুনো ব্রুইনস পদত্যাগ করেছেন। পার্লামেন্টে করোনা নিয়ে বিতর্কের মধ্যে অচেতন হয়ে পড়ার পরদিনই তিনি দায়িত্ব ছেড়েছেন। ৫৬ বছর বয়সি ব্রুনো জানান, কয়েক সপ্তাহের টানা কাজের ক্লান্তির কারণেই তিনি বুধবার পার্লামেন্টে অজ্ঞান হয়ে পড়েন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইউরোপের দেশ মোনাকোর প্রিন্স আলবার্ট। তার কার্যালয় এই তথ্য নিশ্চিত করে বলেছে, আক্রান্ত হলেও আলবার্টের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ নেই। করোনায় আক্রান্ত হয়েছেন, জাতিসংঘের খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রধান ডেভিড বিয়াসলে। এক বিবৃতিতে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন।
এদিকে ভারতে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬ জনে। গতকাল কলকাতায় আরো এক তরুণের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দিল্লি সরকার জরুরি ভিত্তিতে রাজ্যের সব শপিং মল বন্ধ করার নির্দেশ দিয়েছে। লকডাউন ঘোষণা করা হয়েছে মুম্বাই, পুনে ও নাগপুরে।
দেশে দেশে যখন একের পর এক স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে তখন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে আহ্বান জানিয়েছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়কে নির্দিষ্ট নির্দেশনা মেনে স্কুল খুলতে বলেছেন।
