ধামরাইয়ে কোয়ারেন্টাইন সেন্টারের ২৬টি সিলিং ফ্যান চুরি

আপডেট : ২১ মার্চ ২০২০, ০০:২৫

ঢাকার ধামরাইয়ে রোয়াইল ইউনিয়নের কৃষ্ণনগরে অবস্থিত করোনা কোয়ারেন্টাইন সেন্টার (পরিত্যক্ত ২০ শয্যা বিশিষ্ট কৃষ্ণনগর হাসপাতাল) এর বিভিন্ন কক্ষ থেকে ২৬টি সিলিং ফ্যান চুরি হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টু জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর ইফফাত আরাকে বিষয়টি অবগত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। ডা. ইফফাত আরা জানান, তিনি এই উপজেলায় যোগদান করার আগেই এ চুরির ঘটনা ঘটেছে। তবে ফ্যানের অভাবে রোগী ও হাসপাতাল স্টাফদের যাতে কোনো রকম অসুবিধা বা কষ্ট না হয় সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধামরাইয়ে ইতিমধ্যে বিদেশফেরত তিন জনসহ আট জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কাজেই উপজেলার একমাত্র কোয়ারেন্টাইন সেন্টারটি সম্পূর্ণরূপে রোগীবান্ধব বা ব্যবহার উপযোগী করা প্রয়োজন বলে মনে করছে এলাকাবাসী।