করোনা আতঙ্কে পেছাল এডিবির বার্ষিক সভা

আপডেট : ২১ মার্চ ২০২০, ০০:৩০

করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারি আকার ধারণ করায় বিভিন্ন দেশের ভ্রমণ বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক বোর্ড সভা পেছানো হয়েছে। গতকাল শুক্রবার আয়োজক কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোর্ড মিটিং দুই অংশে অনুষ্ঠিত হবে। প্রথম অংশ ২২ মে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এডিবির সদরদপ্তরে অনুষ্ঠিত হবে। এখানে শুধু ম্যানিলায় অবস্থিত গভর্নরদের প্রতিনিধিরা অংশ নেবেন। এরপর পূর্ণ বাত্সরিক সভাটি অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ার ইনচিওন শহরে। এ বৈঠক চলবে ১৮ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এটি অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত থাকবে। সভাটি আগামী ২-৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যাদের রেজিস্ট্রেশন নিশ্চিতকরণ ইস্যু করা হয়েছে সেগুলো বাতিল হয়ে যাবে। পরবর্তীকালে এডিবির পক্ষ থেকে নতুন করে আমন্ত্রণপত্র ও রেজিস্ট্রেশনের বিস্তারিত পাঠানো হবে