শিবচরের চার এলাকায় বসানো হচ্ছে পুলিশ পাহারা

আপডেট : ২১ মার্চ ২০২০, ০০:৩১

ইতালিসহ বিভিন্ন দেশ থেকে ফেরা প্রবাসীদের একটি উল্লেখযোগ্য সংখ্যক মাদারীপুরের শিবচর উপজেলার চারটি এলাকার হওয়ায় ঐ এলাকাগুলো নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। গত বৃহস্পতিবার থেকে শিবচর লকডাউন করার পর এলাকায় মানুষের চলাচল সীমিত হয়। তবে পুরো এলাকার ওপর থেকে লকডাউন তুলে নিয়ে আপাতত শুধু চারটি এলাকায় লকডাউন করে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে—আজ শনিবার থেকে উপজেলার নির্দিষ্ট চারটি এলাকায় পুলিশ পাহারা বসানো হচ্ছে। আগামী ১৫ দিন বাসিন্দাদের সবাইকে ঘরে থাকতে হবে। হটলাইনের মাধ্যমে তাদের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে। এলাকাগুলো অবরুদ্ধ থাকবে। স্থানীয় বাসিন্দা ও প্রবাসী কেউ বাইরে যেতে পারবেন না। বাইরে থেকে কেউ এসব এলাকায় ঢুকতেও পারবেন না। তাদের কোনো কিছু দরকার হলে প্রশাসন সহযোগিতা করবে।

উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী এই এলাকায় ফেরায় করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার বিকালে পুরো শিবচর উপজেলায় ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সব ধরনের দোকান, গণপরিবহন, বিয়ে, মাহফিল, রাজনৈতিক সমাবেশসহ সব ধরনের গণজমায়েত ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে শিবচর উপজেলা প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে। রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ে, দোকানপাটও বন্ধ ছিল। শুক্রবার পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। নসিমন-করিমনসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় মানুষের চলাফেরাও কমে গেছে।

জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানিয়েছেন, শিবচর পৌরসভার দুটি ওয়ার্ড, দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের একটি গ্রাম এবং পাচ্চর ইউনিয়নের একটি গ্রামকে অবরোধের আওতায় রাখা হচ্ছে। ঐ চার এলাকা বাদে অন্য সব জায়গা থেকে লকডাউন তুলে নেওয়া হচ্ছে।