রাজশাহীতে বিএনপি নেতা নজরুলের ওপর হামলার নির্দেশ নাদিমের!

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২২:৪৬

রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের ওপর নির্বাচন থেকে ছিঁটকে পড়া দলটির আরেক নেতা নাদিম মোস্তফা হামলার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে মোবাইল ফোনে দুর্গাপুরের দলীয় নেতা রেজাউল করিমকে এমন নির্দেশ দেন তিনি। এমন নির্দেশের একটি ফোনালাপ ফাঁস হওয়ায় স্থানীয় বিএনপিতে তোলপাড় চলছে।

জানা যায়, ফোনালাপে দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিমকে সুযোগমত অধ্যাপক নজরুল ইসলামের ওপর হামলার নির্দেশ দেন নাদিম মোস্তফা। ফোনালাপে সালাম ও কুশল বিনিময়ের পর রেজাউল বলেন, ‘দুর্গাপুরে বাজারে নজরুল এসেছিল।’

নাদিম মোস্তফা : ‘কোথায় আসছে?’

রেজাউল : ‘দুর্গাপুর বাজারে।’

নাদিম মোস্তফা :‘সালাকে মারতে পারলে ভালো হয়। কতজন আছে, কতজন আছে?’

রেজাউল : ‘মাত্র কয়েকজন আছে। মারলেতো কালকেই মারতে পারতাম। মারতে দেয়নি। এক মিনিট দাঁড়াইতে দেইনি দুর্গাপুর বাজারে।’

নাদিম মোস্তফা : ‘এখন সুযোগ পাইলে বসাইয়া দাও।’

উল্লেখ্য, নাদিম মোস্তফা আপিলে প্রার্থিতা ফিরে পেলে দল থেকে তাকে চূড়ান্ত মনোনয়ন দেয়। তিনি প্রতীক নিয়ে প্রচারণায় নেমে দলীয় কর্মীদের চাঙ্গা করে তোলেন। কিন্তু উচ্চ আদালতে রিট করে নাদিম মোস্তফার নিকট থেকে ধানের শীষ ছিনিয়ে নেন নজরুল ইসলাম। পৃথক রিটে আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ ডিসেম্বর হাইকোর্ট ঋণ খেলাপির দায়ে নাদিম মোস্তফার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।