রাজবাড়ীতে করোনা ভাইরাস নিয়ে দুই পক্ষের তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষের ঘটনায় এক কৃষক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। রাজবাড়ী থানা পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে ৫জনকে আটক করেছে।
সংঘর্ষে নিহত ওই কৃষকের নাম মো. লাভলু মোল্লা (৪৮)। তিনি রাজবাড়ী সদর উপজেলা বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের মৃত অকেল উদ্দীনের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই বাবলু মোল্লাক (৩৫) গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ফজলুল করিম বলেন, করোনা ভাইরাস নিয়ে গত তিনদিন আগে স্থানীয় খালেক ডাক্তারের সঙ্গে নিহতের ভাই মান্নানের কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আহত লাভলু মোল্লাকে রাজবাড়ী সদর হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয় ।
আরও পড়ুন: অখণ্ড পৃথিবীকে রক্ষায় সম্মিলিত বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন: আরেফিন সিদ্দিক
রাজবাড়ী সদর থানার অফিসার ইনর্চাজ স্বপন কুমার মজুমদার বলেন, এ ঘটনায় খালেক ডাক্তার গ্রুপের ৫ জনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এসি
