এ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন :ফখরুল

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২২:৪৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচন শুধু একটি নির্বাচন নয়। গণতন্ত্র পুনরুদ্ধার করতে ও বেগম খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন। তাই আপনারা নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোট গণনা করে ফলাফল নিয়ে তবেই ঘরে ফিরবেন।

তিনি গতকাল বুধবার বিকালে বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দীন স্কুল এন্ড কলেজে বিএনপির উদ্যোগে তার নির্বাচনী এলাকা বগুড়া-৬ সদর আসনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষকে নির্যাতনকারী সরকার। এ নির্বাচন বানচাল করতে তারা সব রকম অপকর্ম ও মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তাই আগামী ৩০ ডিসেম্বর দেশের মানুষ ব্যালটের মাধ্যমে এ সব অপকর্ম ও জুলুমের জবাব দেবে।

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনার সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার মেয়র অ্যাড. একেএম মাহবুবর রহমান, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন প্রমুখ। 

মাহমুদুর রহমান মান্না বলেন, গত ১০ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। ২০১৪ সালের ৫ জানুয়ারি বর্তমান সরকার নির্বাচনের নামে জনগণের সাথে প্রহসন করেছে। এবারও তারা চেষ্টা করেছিল আরেকটি প্রহসনের নির্বাচনের।