করোনার প্রভাবে চাপ বাড়ছে ফেসবুক সার্ভারে

আপডেট : ২১ মার্চ ২০২০, ২০:৪৪

করোনা ভাইরাসের প্রভাবে যেসব দেশে দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে, সেখানে বেশ বেড়েছে ডিজিটাল মাধ্যমে যোগাযোগের হার। আর এ তথ্য জানিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। গত বুধবার কোভিড-১৯ নিয়ে ফেসবুকের প্রতিক্রিয়া জানাতে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ইতালি এবং করোনা ভাইরাসে গুরুতর আক্রান্ত অন্য দেশগুলোয় হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের ভয়েস কলের পরিমাণ স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণের বেশি হয়েছে।

কোয়ারেন্টাইনে থাকার সময়টাতে মানুষ ভার্চুয়াল যোগাযোগের ওপর নির্ভর করছে বেশি। এতে বেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার। ফলে ফেসবুকের সার্ভারগুলোতেও ডাটা আদান-প্রদানের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।

পরিস্থিতি সামাল দিতে সার্ভারগুলোর অবকাঠামো ও কর্মক্ষমতা বাড়াতে কাজ করছে ফেসবুক। মার্ক জাকারবার্গ জানান, করোনা ভাইরাসের কারণে বিশ্ব জুড়ে যেসব দেশের নাগরিক তাদের যোগাযোগের প্রাথমিক মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের ওপর নির্ভর করছে, তাদের ক্ষেত্রে ফেসবুককে অবশ্যই তার অবকাঠামোগত ক্ষমতা আরো বাড়াতে হবে।

এটি অবশ্য ফেসবুক কর্মীদের, বিশেষ করে যারা অবকাঠামো রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন, তাদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটির বাড়ি থেকে কাজ করার নীতিমালাটি বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে। জাকারবার্গ বলেন, তাদের শুধু সার্ভার পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত কর্মীরাই প্রয়োজনীয় ভূমিকা পালনের জন্য কর্মক্ষেত্রে থাকবেন।                                সূত্র :ম্যাশেবল