ধোনির শেষ দেখছেন গাভাস্কার

আপডেট : ২১ মার্চ ২০২০, ২০:৪৭

স্পোর্টস ডেস্ক

ভারতের কোচ রবি শাস্ত্রী আভাস দিয়েই রেখেছিলেন। বলেছিলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ওপর নির্ভর করবে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল। কিন্তু সেই আশায় গুড়েবালি। করোনা ভাইরাসের প্রকোপে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে এই টুর্নামেন্ট। পিছিয়ে দেওয়া তারিখেও আইপিএল শুরু হবে কি না তাতে সন্দিহান অনেকে।

আইপিএলের দিকে তাকিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। কারণ, এটাই জাতীয় দলে ফেরার জন্য শেষ সুযোগ হতে পারত। কিন্তু, আইপিএল ঝুলে যাওয়ায় হুমকির মুখে পড়েছে ধোনির ক্যারিয়ার। আইপিএলে দারুণ কিছু করে দেখানোর জন্য হাড়ভাঙ্গা অনুশীলনও করছেন ধোনি।

ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার মনে করছেন, এতকিছু জয় করে দলে ফেরা সম্ভব হবে না ধোনির। ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো ধোনি নীরবে অবসরের ঘোষণা দিবেন বলে মনে করছেন গাভাস্কার।

এক সাক্ষাত্কারে গাভাস্কার বলেন, ‘ধোনিকে ভারতের বিশ্বকাপ (টি-টোয়েন্টি) স্কোয়াডে দেখলে আমি খুশিই হব। তবে আমার মনে হয় না আদৌ এটা হবে। কারণ দল এখন অনেকটা এগিয়ে গেছে। আমার মনে হয় ধোনি নীরবেই বিদায় বলে দিবে। কারণ শোরগোল করে বিদায় বলার লোক সে নয়।’

গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। আনুষ্ঠানিকভাবে তিনি অবসরের ঘোষণা দেননি। তবে, নিজেকে জাতীয় দলের বাইরে রেখেছেন স্বেচ্ছায়। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) তাকে কেন্দ্রীয় চুক্তি থেকেও সরিয়ে নিয়েছে। এখন আইপিএল না হলে জাতীয় দলের দরজা হয়তো ধোনির জন্য আজীবনের জন্যই বন্ধ হয়ে যাবে।