ঘরে থেকেই কাজ করবেন বিসিবির কর্মীরা

আপডেট : ২১ মার্চ ২০২০, ২০:৪৮

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসের প্রকোপে বাংলাদেশের আন্তর্জাতিক ও ঘরোয়া তথা সবধরনের ক্রিকেট বন্ধ করা হয়েছে। তারপরও অব্যাহত ছিল ক্রিকেটের অভিভাবক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যক্রম। বিসিবির কর্মকর্তা, কর্মচারীরা ঠিকই নিয়মিত দাপ্তরিক কাজ করেছেন অফিসে উপস্থিত হয়ে।

প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ রোধে কর্মীদের প্রতিও যত্নবান হতে যাচ্ছে বিসিবি। আজ থেকে বিসিবির দাপ্তরিক কাজে কিছুটা শিথিলতা আনা হচ্ছে। করোনার এই ঝুঁকিপূর্ণ সময়ে কর্মকর্তা, কর্মচারীদের বাসা থেকে কাজ করার নির্দেশনা দিয়েছে বিসিবি। শনিবার এসংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি।

গুরুত্বপূর্ণ বিষয় ব্যতীত পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত এই নির্দেশনা মেনে চলবেন বিসিবির কর্মীরা। এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গতকাল বলেছেন, ‘এটা আগামীকাল (আজ) থেকে কার্যকর হবে। এরই মধ্যে আমরা আমাদের বিভাগের ম্যানেজারদের সঙ্গে কথা বলেছি। বোর্ডের একটা নির্দেশনা সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। যতটুকু সম্ভব, আমাদের অপারেশনাল যে কাজগুলো থাকবে, সেগুলো আমরা লিমিটেড করার চেষ্টা করব। এর মধ্যে কোনো ইমারজেন্সি যদি চলে আসে তাহলে যেমন আপনারা জানেন যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সঙ্গে সম্পৃক্ত। এসব বিষয়ে আমরা চেষ্টা করব অফিসে উপস্থিত হওয়ার। কাউকে প্রয়োজন হলে অফিসে এসে কাজ করতে হবে। সেক্ষেত্রে নির্ধারিত কিছু নীতিমালা থাকবে।’

করোনার আতঙ্কে এরই মধ্যে ভারত, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড কর্মীদের বাসা থেকে অফিস করার সুযোগ দিয়েছে। এবার বিসিবিও হাঁটল সেই পথে।