ইসিতে জাপার তিন প্রার্থীর অভিযোগ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২২:৪৭

নির্বাচনী প্রচারণায় বাধা ও পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন নীলফামারী ও যশোরে জাতীয় পার্টি-জাপার তিন প্রার্থী। গতকাল বুধবার নির্বাচন কমিশনে গিয়ে নীলফামারী-১, যশোর-৪ ও যশোর-৬ আসনের জাপার প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কাছে লিখিত অভিযোগ জমা দেন। তিনটি আসন এলাকার কয়েকজন ওসির প্রত্যাহারও দাবি করেছেন জাপার প্রার্থীরা। নীলফামারীর ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (্ওসি) প্রত্যাহার চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন নীলফামারী-১ আসনের জাপা প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী। ওসি মফিজ উদ্দিন শেখের বিরুদ্ধে প্রচারণায় বাধা, অসহযোগিতা ও লাঙল প্রতীকের নেতা-কর্মীদের হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এনেছেন তিনি।

তিনি বলেন, নির্বাচনী গণসংযোগের বিষয়ে অবহিত করার পরও গত ১৭ ডিসেম্বর কাউসার মোড়ে জাতীয় পার্টির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। এছাড়া, জাপার নেতা-কর্মীদের ডিমলা থানার ওসি নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন বলেও জানান তিনি। এই আসনে ৫৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানান তিনি। এছাড়া যশোর-৪ (অভয়নগর ও বাঘারপাড়া) ও যশোর-৬ (কেশবপুর) আসনের জাপার প্রার্থীরা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতা ও হয়রানির অভিযোগ করেন। বাঘারপাড়া থানার ওসির বিরুদ্ধে ইসিতে লিখিত অভিযোগ জানান যশোর-৪ আসনে দলটির প্রার্থী মো. জহুরুল হক। প্রচারণায় বাধা, জাতীয় পার্টির নেতা-কর্মীদের হুমকি-ধামকির বিষয়ে কমিশনকে অবহিত করেন তিনি। যশোর-৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. মাহবুব আলম কেশবপুর থানার ওসির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দ্রুত এসব থানার ওসিদের প্রত্যাহার করে নিরপেক্ষ কর্মকর্তাদের পদায়নে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন জাতীয় পার্টির এই তিন প্রার্থী