‘চল্লিশেও খেলবেন রোনালদো’

আপডেট : ২১ মার্চ ২০২০, ২০:৪৯

স্পোর্টস ডেস্ক

৩৫ এর কোঠা ছুঁয়েছে বয়স। এ সময়ে অন্য সব ফুটবলার যেখানে অবসর নিয়ে পরবর্তী জীবন নিয়েই ব্যস্ত থাকেন সেখানে ক্রিশ্চিয়ানো রোনালদো ছুটছেন দুরন্ত গতিতে। ভেঙে চলেছেন একের পর এক রেকর্ডও। বিশ্বের অন্যতম সেরা এই খেলোয়াড়ের আগুনে ফর্ম দেখে সাবেক সতীর্থ পাওলো ফেরেইরা তো বলেই দিয়েছেন চল্লিশ বছর বয়সেও অনায়াসেই খেলতে পারবেন রোনালদো!

এই তো কিছু দিন আগেও রোনালদো টানা ১১ ম্যাচে গোল করে সিরিআর রেকর্ড গড়েছিলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদো খেলেছেন ৩১ ম্যাচ। তাতে ২৫ বার লক্ষ্যভেদ করেছেন তিনি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো তিনটি।

এমন দুরন্ত ফর্মের কারণেই ৪০ বছর বয়সেও ফুটবল খেলা চালিয়ে যাবেন বলে অভিমত দিয়েছেন রোনালদোর সাবেক সতীর্থ। ফেরেইরার ভাষ্য, ‘আমি ক্রিশ্চিয়ানোকে অনেক আগে থেকে চিনি। তার স্বভাব, তার পেশাদারিত্ব ও কঠোর পরিশ্রম সবই দুর্দান্ত। যদি না তার শরীর বাধা দিয়ে বসে, সে তার মানেই থাকবে। আর আমার মনে হয় সে আরো চার-পাঁচ বছর ধরে খেলবে।’

গেল মৌসুমেই ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ভর করে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ২-০ ব্যবধান ঘুচিয়ে শেষ আটে উঠে গিয়েছিল জুভেন্তাস। ফেরেইরার বিশ্বাস, এমন সব কীর্তির কারণে এখনো ইউরোপের অন্যতম ভীতিজাগানিয়া ফুটবলার রোনালদো।

তিনি বলেন, ‘সে এখনো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় যাকে সবাই শ্রদ্ধা করে। তাকে এখনো ভয় করা হয় কারণ সে খেলার ফল নির্ধারণ করে দিতে পারে।’

তবে ২০০৪ থেকে ২০১০ পর্যন্ত পর্তুগাল দলে রোনালদোর সঙ্গে খেলা ফেরেইরা জানালেন, সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন এসেছে রোনালদোর মাঝে। বললেন, ‘অবশ্যই তাকে উন্নতি করতে দেখেছি। ১৮ বছর বয়স থেকে তার সঙ্গে ও বিপক্ষে খেলেছি আমি। সে জীবনে যা অর্জন করেছে  আর সে যে কঠোর পরিশ্রম করে তার কারণে যোগ্য হিসেবেই সে এখনো সর্বোচ্চ পর্যায়ে খেলে যাচ্ছে।’

তিনি আরো যোগ করেন, ‘৩৫ বছর বয়সে খেলতে হলে নিজের দিকে তাকাতে হবে আপনাকে। কঠোর পরিশ্রম করতে হবে। বিশ্রাম আর খাদ্যাভ্যাসও পরিমিত হতে হবে। সেসব কিছুই সে করে থাকে। এ কারণেই সে যখন বলে ৪০ বছর পর্যন্ত খেলতে পারবে, আমি একমত পোষণ করি। দেখা যাক তার শরীর এ ধকল সামলাতে পারে কি না। তবে চোট না পেলে সে সেটা করতে পারবে বলেই বিশ্বাস করি আমি।’