করোনা আক্রান্ত কনিকার বিরুদ্ধে মামলা!

আপডেট : ২১ মার্চ ২০২০, ২০:৫১

বিনোদন ডেস্ক

 

 ১৮৮, ২৬৯ ও ২৭০ নম্বর ধারা অনুযায়ী কণিকার বিরুদ্ধে মামলা ঠুকলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কারণ গত ১৪ মার্চ কণিকা যখন দেশের বিমানবন্দরে ফেরেন তখন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। কিন্তু সেলফ কোয়ারেন্টাইনে যাওয়ার পরিবর্তে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন।   

গত শুক্রবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কণিকার বিরুদ্ধে মামলা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সূত্র জানায়, হোটেল তাজ-এর ৬০২ নম্বর কক্ষে থাকতেন কণিকা, সেটি ২ দিন ধরে বন্ধ আছে। সংশ্লিষ্টরা এরইমধ্যে ওই গায়িকার গতিবিধি পর্যবেক্ষণ করতে হোটেলের সিসিটিভি ফুটেজ দেখছেন।

‘কণিকা লন্ডন থেকে ফিরেছেন। তিনি করোনাসংক্রান্ত নিরাপত্তার বিষয়গুলো জানতেন। কিন্তু তিনি বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন ও অসংখ্য মানুষের সংস্পর্শে এসেছেন।’—বলেছেন পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। বার্তা সংস্থা আইএনএস-এর বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

আক্রান্ত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন কণিকা। গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘গত ৪ দিন ধরে আমার শরীরে ফ্লুর উপসর্গ দেখা যাচ্ছিল। আমি নিজেকে পরীক্ষা করিয়েছি ও কোভিড-১৯ পজেটিভ এসেছে। আমি ও আমার পরিবার এখন পুরোপুরি কোয়ারেন্টাইনে আছি ও কীভাবে উন্নতি করা যায় সে ব্যাপারে চিকিত্সকের পরামর্শ অনুসরণ করছি। বিমানবন্দরে আমাকে স্বাভাবিকভাবেই পরীক্ষা করা হয়েছিল। কিন্তু ৪ দিন আগে উপসর্গগুলো দেখা দেয়। তাই তাত্ক্ষণিকভাবে বুঝতে পারিনি।’