রামু (কক্সবাজার) সংবাদদাতা
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে শনিবার ভোরে পশ্চিম গোয়ালিয়া ঝুকড়িপাড়া গ্রাম থেকে এক হাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মাবুদ জানান, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ধোয়া পালং রেঞ্জের পশ্চিম গোয়ালিয়ায় পাহাড়িছড়া সংলগ্ন ধানখেতে হাতির মৃত্যুর খবর পেয়ে তিনি বন বিভাগ, উপজেলা প্রশাসনকে খবর দেন। এটা পুরুষ হাতি, দাঁত অক্ষত, কোথাও আঘাতের চিহ্ন নেই। ঘটনাস্থল ঘুরে এসে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বলেন, হাতিটি যেখানে মারা গেছে সেটি একটি পাহাড়ি এলাকা, আশপাশে কোনো বিদ্যুত্ নেই, বাড়িঘর নেই। কক্সবাজারের ভেটেরিনারি সার্জন রূপম চাকমা বলেন, বন বিভাগ ও উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে হাতিটির সুরতহাল করা হয়েছে। প্রাথমিকভাবে হাতিটি পাহাড় থেকে পড়ে ও অসুস্থ হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে বিশেষ সার্জন এসে হাতির দাঁতগুলো সংগ্রহ করে হাতিটি ঐ স্থানে গর্ত করে পুঁতে ফেলা হয়েছে।
