স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে স্পেশাল জজ আদালতে ছয় মাস যাবত্ বিচারক না থাকায় দুর্নীতি দমন মামলার বিচার কাজ ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে আইনজীবী সমিতির পক্ষ থেকে বিচারক নিয়োগ দেবার আবেদন করার পরেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে আইনজীবীরা জানান।
স্পেশাল জজ আদালত সূত্রে জানা গেছে, রংপুর স্পেশাল জজ আদালতে প্রধানত দুর্নীতি দমন মামলার বিচার করা হয়। এ জন্য একজন জেলা জজ পদমর্যাদার বিচারক এ আদালতে দায়িত্ব পালন করে থাকেন। গত বছরের ২২ সেপ্টেম্বর স্পেশাল জজ আদালতের বিচারক মো. আহসান তারেক নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক হিসেবে বদলি হয়ে চলে যান। এরপর প্রায় ছয় মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত এখানে কোনো বিচারককে নিয়োগ দেওয়া হয়নি। এই আদালতে দুর্নীতি দমন মামলাসহ ৮২১টি মামলা বিচারাধীন আছে। এছাড়াও বেশ কয়েকটি মামলায় দুদক চার্জশিট দেওয়ায় সেগুলো বিচার শুরুর অপেক্ষায় রয়েছে।
এ ব্যাপারে সিনিয়র আইনজীবী এম এ বাশার অ্যাডভোকেট সাংবাদিকদের জানান, রংপুরের স্পেশাল জজ আদালতের বিচারক দীর্ঘ ছয় মাস ধরে নেই। অথচ সরকার দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এভাবে যদি দিনের পর দিন বিচারক নিয়োগ দেওয়া না হয় তাহলে দুর্নীতির বিচার শেষ হবে কীভাবে? তিনি জরুরি ভিত্তিতে বিচারক নিয়োগ করার দাবি জানান।
রংপুর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পেশাল জজ আদালতের বিচারক না থাকার বিষয়টি স্বীকার করে বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করা হচ্ছে অচিরেই বিচারক নিয়োগ দেওয়া হবে।
