গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ২১ মার্চ ২০২০, ২১:৩৯

করোনা ভাইরাস

কুমিল্লা প্রতিনিধি

করোনা ভাইরাস সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে এ কে এম শরীফুল হাসান খান বুলবুল নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে কুমিল্লা নগরীর ভাটপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠান হয়েছে।

কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. মহিতুল ইসলাম জানান, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে শরীফুল হাসান খান বুলবুল করোনা ভাইরাস সম্পর্কে গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির বিষয়টি স্বীকার করেছে। তিনি বলেন, ২০১৮ সালে একই ধরনের অপরাধ করায় র্যাব-১০ কর্তৃক সে গ্রেফতার হয়েছিল।