সিন্ডিকেট ভাইরাসের বিরুদ্ধে ব্যবস্থা নিন

আপডেট : ২১ মার্চ ২০২০, ২১:৫১

করোনা ভাইরাসের কারণে সরকারের পাশাপাশি বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে চলছে সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম। ইতিমধ্যে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান, হোটেল-মোটেল ও পর্যটনকেন্দ্রগুলো বন্ধ করাসহ জনসমাগম হয় এমন যে কোনো কার্যক্রমের ওপর আপত্কালীন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশ ও জাতি যখন এমন একটি সংকট মোকাবেলায় ব্যস্ত, তখন করোনাকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে! চাল-ডাল-তরকারির পাশাপাশি ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সাবান, স্যানিটাইজারসহ প্রয়োজনীয় ওষুধপত্রের দামও নেওয়া হচ্ছে স্বাভাবিক সময়ের নির্ধারিত মূল্যের বেশি। মালামাল সংকটের অজুহাত দেখিয়ে জিম্মি করা হচ্ছে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের। কয়েকটি জেলা ও উপজেলায় স্থানীয় প্রশাসন তাত্ক্ষণিক ব্যবস্থা নিলেও পরিস্থিতি এখনো সিন্ডিকেট নামক ভাইরাসদের নিয়ন্ত্রণে। বিশ্বের অনেক দেশে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস যেন দেশে একই অবস্থানে যেতে না পারে, তাই অনেক কাজ বন্ধ রাখা হয়েছে। এদিকে দিনমজুর ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির ওপর আচমকা মূল্য বৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘা। করোনা আক্রান্ত অন্যান্য দেশে ব্যবসায়ীরা যেখানে সরকার ও সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, সেখানে একই সংকটকালে আমাদের দেশের সিন্ডিকেটধারী অসাধু ব্যবসায়ীদের এমন কার্যকলাপ অত্যন্ত দুঃখজনক। তাই এসব অসাধু ব্যবসায়ীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে আশু কার্যকর পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি।

আবু ফারুক

সহকারী শিক্ষক,

ভাগ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়,

সদর, বান্দরবান