বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণে দুই লক্ষাধিক লোক আক্রান্ত হয়েছে। আমাদের দেশেও কয়েকজন এর শিকার হয়েছেন। লক্ষ করার বিষয়, আক্রান্ত ৯৮ ভাগ রোগীই সুস্থ হচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার মাত্র ৩.৪ শতাংশ। মানুষের মধ্যে চাউর হয়ে গেছে রোগটি দারুণ ছোঁয়াচে এবং প্রাণঘাতী। তাই কোনো দেশে কিছু সংখ্যক লোকের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়লে সারা দেশে শোরগোল পড়ে যায় এবং জনসাধারণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এরূপ আতঙ্কপ্রবণতা মানুষের কর্মশক্তিকে অচল করে দেয়। বিশ্বব্যাপী যে অর্থনৈতিক ধস নেমেছে তা ঐ আতঙ্কের কারণেই। অথচ বিশ্বব্যাপী রোগব্যাধি এবং দুর্ঘটনায় মৃত্যুর হার এবং দৈহিক ক্ষতির তথ্য বিবেচনায় নিলে করোনায় আতঙ্কিত হওয়ার যৌক্তিক কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে যে, প্রতি বছর বিশ্বে হার্ট অ্যাটাকে ১ কোটি ৭০ লাখ লোক মারা যায়, স্ট্রোকে ৫০ লাখ মানুষের মৃত্যু ঘটে এবং ৫০ লাখ লোক তাদের কর্মশক্তি হারায়। তাছাড়া প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ১৭ লাখ লোক মারা যায় (দৈনিক ইত্তেফাক, ১৩ মার্চ ২০২০)। আসুন আমরা করোনায় আতঙ্কগ্রস্ত না হয়ে আইইডিসিআর এবং স্বাস্থ্য অধিদপ্তর প্রচারিত করোনা সম্পর্কিত জরুরি নির্দেশাবলি মেনে চলি।
হাজী মো. আলী বশির
৮৮/৮৯ আগাসাদেক রোড,
মাহবুব আলী
৪১ আবদুল হাদী লেন, বংশাল, ঢাকা
