কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২১ মার্চ ২০২০, ২১:৫৩

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা

কাপাসিয়া থানা পুলিশ গতকাল শনিবার সকালে উপজেলার নারায়ণপুর বাজার সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় রাসেল (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে। সে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার লতিফপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

কাপাসিয়া থানার এস আই মো. রাসেল মিয়া জানান, গত ১৯ মার্চ দুপুরে লতিফপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে নেমে সাঁতরিয়ে বাঘিয়া যাওয়ার সময় সে পানিতে তলিয়ে যায়। পরে ওই দিন গাজীপুর থেকে ফায়ার সাভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে ব্যর্থ হয়। গতকাল শনিবার সকালে এলাকাবাসী নারায়ণপুর বাজারের সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করে তার আত্মীয়দের তুলে দেয়। এলাকাবাসী জানান, রাসেল দীর্ঘদিন ধরে মানসিক রোগী। তাকে বেশ কটি হাসপাতালে চিকিত্সা দেওয়া হলেও সুস্থ হয়নি।