ধামরাই (ঢাকা) সংবাদদাতা
করোনা প্রতিরোধে সতর্কতা ও সচেতনতা সৃষ্টির জন্য ধামরাইয়ের বিভিন্ন অফিস, জনবহুল ও জনগুরুত্বপূর্ণ স্থানে হ্যান্ডওয়াশ পয়েন্ট স্থাপন করা হয়েছে। ধামরাই থানা পুলিশের উদ্যোগে থানার প্রবেশ দ্বারে হ্যান্ডওয়াশ পয়েন্ট বসানো হয়েছে। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, করোনার আক্রমণ থেকে রক্ষা পেতে বৃহত্তর স্বার্থে প্রতিটি পুলিশ এবং আগত যে কোনো মানুষের জন্য থানায় প্রবেশের পূর্বে হাত ধোয়া বাধ্যতামূলক করা হয়েছে। বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক জানান, হেড অফিস, সূতিপাড়া এফটিসি, আঞ্চলিক ও শাখা অফিস, শ্রীরামপুর বাজারসহ প্রায় ১০০ ‘এসডিআই হ্যান্ডওয়াশ পয়েন্ট’ স্থাপন করা হয়েছে। বালিয়ার ইউপি চেয়ারম্যান উপজেলা কৃষক লীগের সভাপতি আহমদ হোসেন তার নিজ কার্যালয়সহ মসজিদ ও অন্যান্য স্থানে হ্যান্ড ওয়াশ পয়েন্ট স্থাপন করেছেন। উপজেলার অন্যতম জনসমাগম স্থল কালামপুর বাজারে একাধিক হ্যান্ডওয়াশ পয়েন্ট স্থাপন করা হচ্ছে বলে জানান বণিক সমিতির সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. রবিউল করিম। সরেজমিনে দেখা গেছে অফিসে কর্মরত ও সেবা নিতে আগতরা হাত ধুয়ে অফিসে প্রবেশ করছেন।
