বিয়ের বর শ্রীঘরে

আপডেট : ২১ মার্চ ২০২০, ২২:০৫

সিদ্ধিরগঞ্জে বাল্যবিবাহ ভন্ডুল

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করে বরকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় ঘটনাটি ঘটে। বরের বাবাকে তার ভুল শোধরানোর জন্য আদালতে পাঠানো হয়। কনের মাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, শুক্রবার এলাকার একটি অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন চলছে। বরযাত্রীসহ আমন্ত্রিত মেহমানরা আসার অপেক্ষায়। এরই মধ্যে থানায় খবর যায় যে কনের বয়স ১৫। খবর পেয়ে ওসির হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ করে আটক করা হয়েছে বর রজব আলী (২৮), তার পিতা ও শিশুকন্যার মাকে। এ সময় পুলিশ বরকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, এর আগে সে দুটি বিয়ে করেছে। বর্তমানে দ্বিতীয় স্ত্রী রয়েছে। এই সংসারে তার একটি ছেলেও রয়েছে। দ্বিতীয় স্ত্রীর অনুমতি না নিয়েই সে এই বিয়ে করছে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রেজা মো. গোলাম মাসুম প্রধানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বরকে এক মাসের কারাদণ্ড প্রদান করে এবং বরের বাবাকে আদালতে পাঠানো হয়। কনের মায়ের মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

রজব আলী যশোর জেলার শারশা থানার বহিলাভোতা এলাকার রমজান আলীর ছেলে। সে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড়ে ড্রেজারের মিস্ত্রি।