ইত্তেফাক রিপোর্ট
রাজধানী কাফরুল থানার এএসআই জাহাঙ্গীর আলম হত্যা মামলায় বাসের চালক ও হেলপার গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন চালক গোলাম মোস্তফা ও হেলপার আব্দুল মান্নান ওরফে লতিফ। শুক্রবার বিকালে চকবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গত বুধবার এএসআই জাহাঙ্গীর কাফরুল থানার তালতলা ৯ নম্বর হতে ১৩ নম্বর গেট পর্যন্ত ছিনতাই প্রতিরোধ ডিউটিতে নিয়োজিত ছিলেন। রাত সোয়া ৮টার দিকে পুরাতন বিমানবন্দর ৯ নম্বর গেটের উত্তর পাশে রাস্তায় ছিনতাইয়ের ঘটনায় ভিকটিমের চিত্কার শুনে ছিনতাইকারীদের ধরতে ধাওয়া করেন তিনি। দক্ষিণ দিক হতে দ্রুত ও বেপরোয়া গতিতে আসা আলিফ পরিবহনের একটি বাস এএসআই জাহাঙ্গীরকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। পরে হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
