গাজীপুরের কাপাসিয়ায় নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে টানানো নৌকায় ককটেল ফাটিয়ে আগুন ধরিয়ে দেয়া ও ককটেল ফাটানোর অভিযোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরাসহ বিভিন্ন পর্যায়ের ৬৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ এ মামলায় ১২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এছাড়াও পুলিশ বিভিন্ন মামলায় মঙ্গলবার দিবাগত রাতে বিভিন্ন এলাকা থেকে আরো ১০ জন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, ওলামা দল ও শ্রমিক দলের নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, দুর্গাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবির হিমু বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলা চেয়ারম্যান ছাড়াও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমকেও আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২৫ ডিসেম্বর সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নাশেরা গ্রামের সুপার মার্কেট সংলগ্ন সড়কে ১০/১২ জন দুষ্কৃতকারী অতর্কিতে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং নির্বাচনী প্রচার কাজে প্রদর্শিত নৌকায় অগ্নিসংযোগ করে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর পর কাপাসিয়া উপজেলার তরগাঁও, কড়িহাতা ও দুর্গাপুর ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার চালানোর সময় হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগ এনে উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ কয়েকশ’ নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের দুই নেতা বাদী হয়ে দুটি এবং পুলিশ বাদী হয়ে অপর একটি মামলা দায়ের করে। গত ২৩ ডিসেম্বর দুটি মামলায় বিএনপির সভাপতি ও সম্পাদকসহ ৩২ নেতাকর্মী উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন।
