কাপাসিয়ায় নৌকার পালে ঐক্যের হাওয়া

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ০০:১৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ কাপাসিয়া আসনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আওয়ামী লীগ ও সব অংগ সংগঠনের নেতাকর্মীরা সকল ভেদাভেদ ও অভিমান ভুলে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এখানে আওয়ামী লীগ তথা ১৪ দলের একক প্রার্থী হয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের কন্যা ও বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। তাদের প্রত্যাশা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সাধারণ মানুষ নৌকা প্রতীকের প্রার্থীকেই বিজয়ী করবেন।

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের জন্মভূমি কাপাসিয়া। তার প্রতি কাপাসিয়াবাসীর রয়েছে গভীর ভালবাসা ও কৃতজ্ঞতাবোধ। তাই গাজীপুর-৪ কাপাসিয়া আসন স্বাধীনতার পর বেশিরভাগ সময়েই ছিল আওয়ামী লীগের দখলে। যখনই আওয়ামী লীগ বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে নির্বাচন করেছে, তখনই ফলাফল নৌকার পক্ষে গিয়েছে।

তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ার সময় সিমিন হোসেন রিমির সঙ্গে ছিলেন তাজউদ্দীন আহমদের অপর দুই কন্যা শারমিন আহমদ রিপি ও মেহজাবিন আহমদ মিমি এবং রিমির স্বামী মোশতাক আহমেদসহ পরিবারের সদস্যরা। বেশ কিছুদিন যাবত্ রাজনীতি থেকে দূরে থাকা তাজউদ্দিন আহমদের একমাত্র ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বোনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। তার উপস্থিতি নেতাকর্মীদের উজ্জীবিত করেছে। সোহেল তাজের সাথে প্রচারণায় অংশ নিচ্ছেন ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদ তাজ, রাকিব হোসেন, নায়লা মাহিয়াসহ পরিবারের অন্যরা।

স্থানীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার ও নানা মতভেদের কারণে বিগত বছরগুলোতে সিমিন হোসেন রিমি ও তার অনুসারীদের সাথে কেন্দ্রীয় কৃষকলীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লা, কৃষকলীগের উপদেষ্টা আলম আহম্মেদসহ স্থানীয় কৃষকলীগের নেতৃবৃন্দের দূরত্ব তৈরি হয়। বহু পরীক্ষিত, জনপ্রিয় ও ত্যাগী অনেক নেতা ও তাদের অনুসারীরা স্থানীয় রাজনীতি থেকে দূরে ছিলেন। সম্প্রতি তারা সব ভুলে গিয়ে নৌকার পক্ষে কাজ করে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন। অভিমান ভুলে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সুপ্রীম কোট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান আকন্দ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমানত হোসেন খান, সদস্য আব্দুর রশিদ সরকার, সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজগর রশিদ খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান আরিফসহ অনেক ত্যাগী নেতা। তারা নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন হাট-বাজার, স্কুল-কলেজ-মাদ্রাসা ও গ্রামের আনাচে কানাচে ভোটারদের কাছে দিনরাত রিমির পক্ষে ভোট চাইছেন।

তাদের পাশাপাশি প্রচারণায় অংশ নিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর-৩ আসনের নৌকার প্রার্থী ইকবাল হোসেন সবুজ, সাবেক সংসদ সদস্য জাহানারা বেগম, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।