করোনার অজুুহাতে রংপুরে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেওয়ায় দুই দিন ধরে মাঠে নেমেছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নগরীর জেলা পরিষদ মিনি মার্কেট ও নবাবগঞ্জ বাজারে অভিযানকালে সব দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। তারা একটি দোকানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাদ কুতুবসহ আদালতের সংশ্লিষ্টদের অবরুদ্ধ করে। আদালতের জরিমানাকে ‘অন্যায়’ আখ্যায়িত করে তা ফেরত দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের জন্য নবাবগঞ্জ বাজার বন্ধের ঘোষণা দিয়েছে তারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর মহানগরীতে দ্বিতীয় দিনের মতো শনিবার দুপুরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জেলা পরিষদ সুপার মার্কেট ও পরে নবাবগঞ্জ বাজারে অভিযান চালায়। বিভিন্ন পণ্যের অযৌক্তিক দাম নেওয়ার অভিযোগে একটি দোকানকে ৫ হাজার টাকা ও পরে আরেকটি দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এতে ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীরা সব দোকানপাট বন্ধ করে দিয়ে ভ্রাম্যমাণ আদালতকে অবরুদ্ধ করে জরিমানার টাকা ফেরতের দাবি জানায়। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে নগরীর সিটি বাজার, নিউমার্কেট, মিনিমার্কেট ও সুপার মার্কেটের ব্যবসায়ীরা।
