বরিশালে সব আবাসিক হোটেল বন্ধ ঘোষণা

আপডেট : ২১ মার্চ ২০২০, ২২:২৯

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার বরিশাল নগরীর সব আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্ট বন্ধ করে দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসন। শনিবার সকালে প্রশাসনের নির্ভরযোগ্য সূত্রে তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এর আগে বুধবার থেকে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র বৃহত্তর বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কুয়াকাটা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তীতে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শুক্রবার প্রশাসনের পক্ষ থেকে বরিশাল নগরীর সব আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্ট বন্ধ করার         ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভ্রমণ থেকে বিরত থাকতে পর্যটকদের প্রতি আহবান করা হয়েছে।

বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

করোনা ইস্যুতে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। এ অবস্থায় নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বরিশাল নগরীর প্রধান প্রধান মোকামে শনিবার অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে গতকাল শনিবার সকাল ১১টায় এই অভিযান পরিচালিত হয়। শুরুতেই ভ্রাম্যমাণ আদালত হাটখোলা রোডের বাংলাদেশ অয়েল মিলে অভিযান চালিয়ে ১৪০ টাকা লিটার দরের সরিষার তেল ১৮০ টাকায় বিক্রির প্রমাণ পায়। এ সময় সেখান থেকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে পেঁয়াজ পট্টির পুলিন বিহারী ঘোষের মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভ্রাম্যমাণ আদালত ঐ দোকান থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া পেঁয়াজ পট্টির ব্যবসায়ীদের অতি মুনাফা না করার জন্য হুঁশিয়ার করেন ভ্রাম্যমাণ আদালত।

বেশি মূল্যে মাস্ক বিক্রির দায়ে জরিমানা

বরিশালে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় এক সার্জিক্যাল স্টোরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সদ্য বিদেশ থেকে আসা প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত নগরীর সদর রোডের শাহিন কমপ্লেক্সে সার্জিক্যাল স্টোরে অভিযান চালায়। সেখানে মাস্কের দাম বেশি রাখার প্রমাণ পাওয়ায় মেডিসান সার্জিক্যাল অ্যান্ড সাইন্টিফিক দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে সদ্য বিদেশ থেকে আসা প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন এবং এই নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

শেবাচিমে করোনা সন্দেহে এক যুবক ভর্তি

করোনা সন্দেহে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে এক যুবককে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। হাসপাতালের পরিচালক ডাঃ মো. বাকির হোসেন জানান, শুক্রবার মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর এলাকা থেকে এক যুবককে তার স্বজনরা গলা ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করেন। এরপর তাকে নাক-কান-গলা বিভাগে নেওয়া হয়। সেখানকার চিকিত্সকরা তার সমস্যা শোনার পর করোনা সন্দেহে হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করেন।