গাজীপুর-৩ আসন

আপনাদের খেদমতগার হিসেবে থাকতে চাই --------- ইকবাল হোসেন সবুজ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ০০:১৪

গাজীপুর-৩ আসনের মহাজোট মনোনীত প্রার্থী গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ বলেছেন, শ্রীপুরের মাটি ও মানুষের সাথে আমার দীর্ঘদিনের প্রেম। যে প্রেম পিতার সাথে পুত্রের, মায়ের সাথে ছেলের, বোনের সাথে ভাইয়ের আর ভাইয়ের সাথে ভাইয়ের। এ প্রেম কখনো ব্যর্থ হতে পারে না। বাবারা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, ভাইয়েরা আমার, নির্বাচনের আর কয়েকটি দিন বাকি রয়েছে। আমার জন্য নিজ নিজ এলাকায় ভোট ভিক্ষা চান। নির্বাচনের পর আমাকে ভুলে যাবেন না, আমি আপনাদের ভুলবো না। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হয়ে আমি আপনাদের একজন খেদমতগার হিসেবে থাকতে চাই।   

বুধবার বিকালে এ আসনের গাজীপুর ইউনিয়নের ধনুয়া উচ্চ বিদ্যালয় মাঠে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

ধনুয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো: আব্দুল জলিলের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামসুল আলম প্রধান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী আফতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, গাজীপুর ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম প্রমুখ।

গোলাম রহমান মডেল স্কুলের উদ্বোধন

সর্বাধুনিক প্রযুক্তি ও গুণগত শিক্ষার সুবিধা নিয়ে প্রতিষ্ঠিত গোলাম রহমান মডেল স্কুলের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার ফিতা কেটে ও বেলুন উড়িয়ে স্কুলটি উদ্বোধন করেন গাজীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খলিলুর রহমান। এ উপলক্ষে এদিন দুপুরে গাজীপুর মহানগরীর বাসন এলাকায় স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের প্রতিষ্ঠাতা এবং পরিচালনা কমিটির সভাপতি লায়ন প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন। প্রধান অতিথি  মো. খলিলুর রহমান ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, ভাষা শহিদ কলেজের সভাপতি সাংবাদিক শরীফ আহমেদ শামীম, ওয়ার্ড কাউন্সিলর শোয়েব আল আসাদ মনির, নারী কাউন্সিলর লিপি চৌধুরী মনি প্রমুখ।