বাংলাদেশে করোনা ভাইরাসের (কোভিড-১৯) মহামারি প্রতিরোধে সহায়তা করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠক শেষে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন এই সহায়তার কথা জানান। তিনি উল্লেখ করেছেন, মহামারি মোকাবিলায় সরকারের প্রস্তুতি, প্রতিরোধ এবং অর্থনীতিতে এর প্রভাব নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। এতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এডিবির সহায়তা চাওয়া হলে মনমোহন প্রকাশ বলেন, দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসাবে এডিবি এই কঠিন সময়ে বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সরকার ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দ্রুত অর্থায়ন এবং অন্য বিষয়গুলো নিয়ে কাজ করছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মহামারি প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। এই আহ্বানে সাড়া দিয়ে মহামারি প্রতিরোধে সম্প্রতি ৬৫০ কোটি ডলারের জরুরি তহবিল ঘোষণা করেছে এডিবি। এর আগে কক্সবাজারে রোহিঙ্গা সংকট, প্রাকৃতিক দুর্যোগের সময়ে দ্রুত সহায়তা দিয়েছিল এডিবি।
